রাতে বার্সেলোনা-পিএসজি হাইভোল্টেজ ম্যাচ, নামছে ম্যানসিটি-আর্সেনাল-জুভেন্টাসও
রাতে বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-পিএসজি। আলাদা ম্যাচে নামবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, জুভেন্টাস। রাত ১টায় পিএসজিকে আতিথ্য দেবে বার্সেলোনা। একই সময়ে সিটিজেনদের প্রতিপক্ষ মোনাকো। অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে গানাররা। বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। ভিয়ারিয়ালের মুখোমুখি জুভেন্টাস আর নাপোলির প্রতিপক্ষ লিসবন।
চ্যাম্পিয়ন পিএসজিকে আতিথ্য দেয়ার অপেক্ষায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই আতিথ্য যেন আতঙ্ক হয়ে উঠেছে কাতালানদের জন্য। চ্যাম্পিয়নস লিগে শেষ দুই হোম ম্যাচে ফরাসি জায়ান্টদের কাছে হেরেছে বার্সা। তবে প্রতিপক্ষ স্কোয়াডের ইনজুরি তালিকা স্বাগতিকদের কিছুটা স্বস্তিতে রাখছে। যদিও রাফিনহা, হুয়ান গার্সিয়াকে পাচ্ছেন না কোচ হ্যান্সি ফ্লিক। তবে শেষ লিগ ম্যাচে লামিন ইয়ামালের ফেরা, বাড়তি আত্মবিশ্বাস বার্সেলোনার।
ব্যালন ডি অর জয়ী ওসমান দেম্বেলেকেই বিগ ম্যাচে পাচ্ছে না পিএসজি। দীর্ঘ ইনজুরি তালিকায় আছেন অধিনায়ক মারকুইনহোসও।
বার্সেলোনা হেড কোচ হ্যান্সি ফ্লিক বলেন, পিএসজি ভালো দল, তবে আমরা বার্সা। চ্যাম্পিয়নস লিগ শিরোপার অন্যতম দাবিদার। যে ব্যস্ত সূচিতে আমাদের খেলতে হচ্ছে, ইনজুরির বিষয়টি আমাদের মেনে নিতে হবে। যদিও এটা ফুটবলারদের জন্য ভালো নয়।
পিএসজি হেড কোচ লুইস এনরিকে বলেন, বার্সেলোনা আমার হোম। ৮ বছর আমি এখানে খেলেছি, অধিনায়ক ছিলাম, কোচ ছিলাম। এখন আমি পিএসজির দায়িত্বে, দল নিয়ে জয়ের জন্যই এখানে এসেছি।
এবারের চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনা-পিএসজি দু’দল জয় পেয়েছে।
অন্যদিকে মোনাকোর বিপক্ষে নামবে ম্যানচেস্টার সিটি। রদ্রি আছেন পেপ গার্দিওলার স্কোয়াডে। মোনাকোর বিপক্ষে রদ্রিকে বিবেচনায় রাখছেন হেড কোচ, তবে আগামী ম্যাচগুলোর জন্যও ভাবতে হচ্ছে তাকে।
ম্যানসিটির হেড কোচ পেপ গার্দিওলা বলেন, রদ্রি আগের তুলনায় বেশ ফিট, তবে সপ্তাহে তিন ম্যাচ খেলার মতো নয়।
আগের দুই মুখোমুখিতে একটি করে ম্যাচ জিতেছে সিটি আর মোনাকো। মাঠে ফেরার অপেক্ষায় ফরাসি ক্লাবটির সঙ্গে অনুশীলন অব্যাহত রেখেছেন পল পগবা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: