[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামীকাল ফিরতি লেগে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ২৩:১০ পিএম

নতুন ম্যাচ নতুন স্বপ্ন। সেই স্বপ্নকে সঙ্গী করেই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীতেই যেন বদলে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চেহারা। সঙ্গে কানাডা প্রবাসী শমিত সোম ও ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামকে পেয়ে দলটি যেন হয়ে উঠেছে সোনায় সোহাগা। দুর্দান্ত হয়েছে লাল সবুজদের মাঠের পারফরম্যান্স। সাম্প্রতিক সময়ে জামাল ভূঁইয়াদের পারফরম্যান্সই তা বলে দেয়। তাইতো হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতা বলেই আখ্যা দিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

কোচের এমন আত্মবিশ^াসের মূল ভিত্তি হল হামজা চৌধুরীর দুর্দান্ত গতিতে খেলার কৌশল। হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে সেটপিস থেকে হামজার দর্শনীয় এক গোলেই ১-১ ব্যবধানে সমতা এনেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদ নামার পর যে গতি এসেছিল দলে, তাতে একাদশ নিয়ে কোচের মতের সমালোচনায় মুখর ছিলেন ফুটবলপ্রেমিরা।

কারন ১-৩ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্রয়ের দিকেই ম্যাচ শেষ করছিল স্বাগতিক বাংলাদেশ। শেষ মূহুর্তে ডিফেন্ডারদের ভুলে গোলটি হজম না করলে জয় সমতুল্য ড্র নিয়েই হয়তো মাঠ ছাড়তে পারতেন হামজারা। লাল সবুজের দলের জন্য সুসংবাদ হলো, ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন অভিজ্ঞ সেন্টার ডিফেন্ডার তপু বর্মণ। আজ ম্যাচের শুরু থেকেই তিনি খেলার জন্য প্রস্তুত রয়েছেন, যা রক্ষণভাগে দলকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। দলের খেলোয়াড়রা ঘরের মাঠে হওয়া ভুলগুলো হংকংয়ের মাটিতে আর পুনরাবৃত্তি করতে চান না। তারা এশিয়ান কাপ বাছাইয়ের দৌড়ে টিকে থাকতে এই 'ডু অর ডাই' ম্যাচে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী।

নতুন পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে চার দিন আগেই হংকংয়ে গেছেন জামাল ভূঁইয়ারা। সেখানে বাংলাদেশকে মানহীন মাঠে অনুশীলন করতে দিয়েছে স্বাগতিক হংকং-এমনটাই অভিযোগ ছিল ফুটবলারদের। ঢাকার মাঠে জিতে যাওয়া হংকং এবার নিজেদের মাঠে খেলবে। স্বাগতিক দর্শক, স্বাগতিক সব সুবিধাই তারা পাবে। তারপরও আজ আরও একবার লড়াই করে জেতার মানসিকতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

হামজাকে নিয়ে ওয়েস্টউডের নতুন মন্তব্য

ঢাকায় সংবাদ সম্মেলনে হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউডের কাছে একজন জানতে চেয়েছিলেন, আপনার দলে হামজা চৌধুরী থাকলে কোথায় খেলাতেন? জবাবে যেন ‘মাইন্ড গেম’ খেলতে চেয়েছিলেন ব্রিটিশ কোচ। সরাসরি বলেছেন, ‘অন দ্য বেঞ্চ’। তবে এবার এশিয়ান কাপের বাছাইয়ে আগামীকাল মঙ্গলবারের অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে সোমবার হংকংয়ে হামজাকে নিয়ে অন্য কথা বলেছেন ওয়েস্টউড। এক প্রশ্নের উত্তরে হংকং কোচ বলেছেন, ‘না, আমি আমার মত বদলাইনি। যখন কথাটা বলেছিলাম, তখন হাসছিলাম। আমি নিশ্চিত, সেও কিছু কথা বলেছিল, হাসতে হাসতেই। আমাদের মধ্যে ইংলিশ রসবোধ আছে, একটু বুদ্ধিদীপ্ত ঠাট্টাও থাকে, স্পষ্টই বোঝা যাচ্ছিল যে কথাটা মজা করেই বলা হয়েছিল।’

এরপরই হামজাকে নিয়ে যোগ করলেন এভাবে, ‘সে দারুণ এক খেলোয়াড়। আমি তাকে পাবো (কোচিংয়ে) কিনা জানি না। আমি কখনও তার সঙ্গে অনুশীলন করিনি, তাকে অনুশীলন করতে দেখিনি, তার ক্যারেক্টার কেমন তাও জানি না। দল নির্বাচনের সময় অনেক বিষয় বিবেচনা করতে হয়। শুধু দক্ষতা দেখেই কাউকে দলে নেওয়া হয় না, যদিও ওর দক্ষতা রয়েছে। পুরো ব্যাপারটা মিলিয়ে দেখতে হয়। তবে এটা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সে উঁচুমানের খেলোয়াড়। সে সর্বোচ্চ পর্যায়ে খেলে, আর আমাদের অনেক খেলোয়াড়ই সেই পর্যায়ে খেলতে চায়।’

‘তিন পয়েন্ট পেতেই হবে’

ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে সুযোগ পেয়েও পয়েন্ট ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ। ৪-৩ গোলে ম্যাচ হেরে গ্রুপসেরা হওয়াটা অনেক কঠিন হয়ে পড়েছে। এখন বাকি তিন ম্যাচ জিততেই হবে। সঙ্গে অন্য দলের ফল কী হয় সেটার অপেক্ষাতেও থাকতে হবে। তবে হাভিয়ের কাবরেরার দৃষ্টি আপাতত মঙ্গলবারের ম্যাচে। হংকংয়ের বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার ম্যাচে তিন পয়েন্টই লক্ষ্য।

সোমবার হংকংয়ে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ এই ম্যাচের জন্য অপেক্ষায় আছেন জানিয়ে বলেছেন, ‘আমরা যথেষ্ট সময় নিয়েছি, বিশেষ করে সুস্থ হয়ে ওঠা এবং হংকংয়ের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য। প্রয়োজনীয় মিটিংগুলোও হয়েছে, তাই আজকের সেশনের জন্য এবং আগামীকালের বড় ম্যাচের জন্য আমরা মুখিয়ে আছি।’

বাংলাদেশ দলের গোলকিপার মিতুল মারমার পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা চলছে। যদিও ঢাকার ম্যাচে রক্ষণভাগ তথা সাদ উদ্দিনরা বেশ ভুগিয়েছেন। তার ওপর ছিল মিতুলের নড়বড়ে পারফরম্যান্স। তবু বাংলাদেশ কোচ মিতুলের ওপরই আস্থা রাখছেন,‘ আমার মতে পারফরম্যান্সের দিক থেকে মিতুল শীর্ষে ছিল। আপনি কোনদিক থেকে দেখছেন তার ওপর নির্ভর করে। সে খুবই নির্ভরযোগ্য এবং ধারাবাহিক, বিশেষ করে বল বিল্ডআপ বা আক্রমণে সাহায্য করার ক্ষেত্রে। আমাদের জন্য সে একজন অতিরিক্ত খেলোয়াড়ের মতো। আমরা মিতুল মারমার পারফরম্যান্স এবং মান নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী।’

ঢাকার মতো কালকেও লড়াকু মেজাজে খেলতে চান কোচ, ‘আমরা খুব ভালো খেলেছি, তবে সামগ্রিকভাবে এটা ছিল একটি দারুণ ম্যাচ—উভয় দলের পক্ষ থেকেই প্রতিযোগিতামূলক। আমরা আগামীকালও ঠিক একই রকম ম্যাচের প্রত্যাশা করছি। আমরা একই মানসিকতা, একই লক্ষ্য নিয়ে মাঠে নামবো এবং জানি যে সামনে এগিয়ে যেতে হলে আমাদের তিন পয়েন্ট পেতেই হবে।’

বাংলাদেশের একাদশ সাজাতে জামাল মত দেন, তবে...

বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে শুরুর একাদশে নাম থাকে না তার। বিরতির পর বেশিরভাগ সময় দেখা যায় তাকে। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। যেখানে জামাল নিজেই আজ সোমবার হংকংয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দলের সবাই খেলতে চায়। মাঠে খেলার জন্য নিজেও কোচদের কাছে মতামত দেন।

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচে কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামের আসন সংখ্যার ৫০ হাজার টিকিট বিক্রির শেষ পর্যায়ে। স্বাগতিক দর্শকদের চাপ থাকবে তাতে সন্দেহ নেই। কিন্তু সেই চাপ আমলে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। জামাল ভূঁইয়া বলেছেন, ‘সবসময় ভালো লাগে যখন দর্শকরা আমাদের উৎসাহ দেয়। আমি জানি আগামীকাল টিকিট বিক্রি শেষ হয়ে যাবে, তবে কিছু দর্শক বাংলাদেশ থেকেও থাকবে, আমরা সেটা খুবই প্রশংসা করি। ম্যাচ শুরুর আগে দর্শকদের উপস্থিতি অনুভব করা যায়, কিন্তু খেলা চলাকালীন আপনি সেটা তেমন অনুভব করেন না, কারণ তখন অ্যাড্রেনালিন এত বেশি থাকে যে আপনি পুরোপুরি খেলায় মনোযোগী থাকেন। তবে ম্যাচ শেষে চারপাশে তাকালে অনেক মানুষ দেখতে পাবেন। এটা অবশ্যই খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের মতো খেলোয়াড়দের জন্য যারা এই ম্যাচ খেলবে।’

 

বাংলাদেশ-হংকং পাঁচ ম্যাচ

১০.৮.১৯৭৫ : হংকং-৯ : বাংলাদেশ-১, মারদেকা কাপ
৩০.৩.২০০৩ : হংকং-২ : বাংলাদেশ-২, এশিয়ান কাপ বাছাই
০১.৩.২০০৬ : বাংলাদেশ-০ : হংকং-১, এশিয়ান কাপ বাছাই
১৫.১১.২০০৬ : হংকং-২ : বাংলাদেশ-০, এশিয়ান কাপ বাছাই
০৯.১০.২০২৫ : বাংলাদেশ-৩ : হংকং-৪, এশিয়ান কাপ বাছাই

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর