[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অ-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০৯:১০ এএম

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের ধারা বজায় রাখল আর্জেন্টিনা। রোমাঞ্চকর সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা যুবা দল। মাতো সিলভেত্তির একমাত্র গোলে শিরোপা নির্ধারণী মঞ্চের টিকিট কাটে আলবিসেলেস্তারা।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সপ্তম শিরোপা জয়ের পথে আর্জেন্টিনার প্রতিপক্ষ অঘটনের জন্ম দিয়ে ফ্রান্সকে হারানো মরক্কো। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের ১-১ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচ গড়ায় টেইব্রেকারে। পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে ফ্রান্স যুবা দলকে হারিয়ে ইতিহাস গড়ে আফ্রিকার দেশটি।ি এই প্রতিযোগিতায় মরক্কোর সেরা সাফল্য ২০০৫ আসরে শেষ চারে ওঠা।

চিলির সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোস স্টেডিয়ামে আজ আর্জেন্টিনার বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে কলম্বিয়া যুবারা। অল ল্যাটিন আমেরিকা সেমিতে ৫৪ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে তারা। বল দখলে পিছিয়ে থাকলেও শট নেওয়ায় খানিকটা এগিয়ে ছিল আর্জেন্টিনা। ১৪টি শট নিয়ে ৫টি গোলমুখে রাখে তারা।

ম্যাচের শুরুটা ছিল বেশ সতর্কতাপূর্ণ। দুই দলই প্রথমার্ধে ভুল এড়াতে সাবধানী ফুটবল খেলেছে। তাতে বিরতির কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর আর্জেন্টিনা কোচ দিয়েগো প্লাসেন্তে কৌশল বদলে পাঁচ ডিফেন্ডারের ফরমেশন থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশল আস্থা রাখেন। আর তাতে ফলও আসে।

৭২ মিনিটে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মাতো সিলভেত্তি। গিয়ানলুকা প্রেস্টিয়ানির দারুণ পাস থেকে জয়সূচক গোলটি করেন ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড।

এরপর সমতায় ফিরতে মরিয়া চেষ্ট চালায় কলম্বিয়া। তবে কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় তারা। ৭৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার বদলি নামা মিডফিল্ডার জন রেনতেরিয়া। শেষ পর্যন্ত আর ম্যাচ ফেরা হয়নি তাদের।

আগামী ২০ অক্টোবর ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা যুবা দল। যুবাদের বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ ২০০৭ আসরের চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার দীর্ঘ ১৮ বছর পর আবারও বিশ্বসেরা হওয়ার সুযোগ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর