মেসিদের ভারত সফর স্থগিত
ভারতে লিওনেল মেসি এবং তার বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর কোচিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি।
ভারতের ফুটবলপ্রেমীদের ভাগ্যটা মন্দই বলতে হয়। কদিন আগেই দেশটিতে সফর করার কথা ছিল পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে ভারত সফরে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ এফসি গোয়ার বিপক্ষে ম্যাচে আল নাসরের সঙ্গী হননি ‘সিআর সেভেন’। তাতে হতাশই হয় ভারতের ফুটবল ভক্তরা। এবার আরও একবার দুঃসংবাদ শুনতে হচ্ছে তাদের।
ভারতে লিওনেল মেসি এবং তার বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর কোচিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি।
ম্যাচটির স্পনসর প্রতিষ্ঠান 'রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি'-এর ম্যানেজিং ডিরেক্টর আন্তো অগাস্টিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এই ম্যাচটি ফিফার পরবর্তী আন্তর্জাতিক সূচিতে অনুষ্ঠিত হবে। কেরালার এই ব্যবসায়ী সামাজিক মাধ্যমে ব্যাখ্যা দেন যে, আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) থেকে অনুমতি পেতে বিলম্ব হওয়ায় ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবশ্য এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে খোদ এএফএ (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন)। স্প্যানিশ মিডিয়া আউটলেট 'লা নাসিওন'কে এএফএ-এর একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কেরালায় যাচ্ছে না।
এর আগে কেরালার ক্রীড়ামন্ত্রী এই প্রীতি ম্যাচটির ঘোষণা দেওয়ার পর থেকেই এটি নিয়ে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছিল। এক পর্যায়ে মন্ত্রী নিজেই ম্যাচটি বাতিল বলে ঘোষণা দেন, যদিও পরে আগস্ট মাসে এএফএ নিশ্চিত করে যে তাদের দল কোচিতে খেলবে।
এই ঘোষণার মধ্য দিয়ে গত কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটল। মেসিদের সফর বাতিলের খবরে ভারতীয় ফুটবলপ্রেমীরা, বিশেষ করে কেরালার সমর্থকরা ভীষণ হতাশ হয়েছেন। ভারতের ওই অঞ্চলে আর্জেন্টিনা ও মেসির ভক্তসংখ্যাও যে বিপুল।
সর্বশেষ মেসির আর্জেন্টিনা ২০১১ সালে ভারত সফর করেছিল। মেসির দল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: