ভারতের বিপক্ষে জিততে চান মোরসালিনরা
শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন শুরুর আগে তাই জানালেন রহমত মিয়া ও শেখ মোরসালিনরা।
এএফসি এশিয়ান কাপ মুল পর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে। তবে বাকী দুই ম্যাচ জিততে চায় বাংলাদেশ দল। আর সেটা লাল সবুজের ফুটবলাররা শুরু করতে চান ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় দিয়ে। শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন শুরুর আগে তাই জানালেন রহমত মিয়া ও শেখ মোরসালিনরা।
১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বর্তমানে স্পেনে পারিবারিক কারণে রয়েছেন। তার অনুপস্থিতিতে ১৫ জন ফুটবলারকে নিয়ে সহকারী কোচ হাসান আল মামুন অনুশীলন চালিয়ে নিচ্ছেন। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘এশিয়ান কাপে কোয়ালিফাই করতে না পারলেও দেশের জন্য লড়াই থেমে থাকতে পারে না। আমরা মাঠে নামব গর্বের সঙ্গে খেলতে। সমর্থকদের মুখে হাসি ফেরানোই এখন আমাদের লক্ষ্য।’ আফগানিস্তানের বিপক্ষে বাতিল হওয়া প্রীতি ম্যাচ নিয়েও আফসোসের সুর তার কণ্ঠে, ‘ওই ম্যাচটা হলে আমাদের প্রস্তুতিতে সাহায্য হত। তবে যা হয়েছে, সেটা নিয়ে পড়ে থাকার সময় নেই। এখন সামনের দিকে তাকাতে হবে।’
তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনও একই মানসিকতা নিয়ে মাঠে নামার অপেক্ষায়। তার কথা, ‘এখন আমাদের মাথায় শুধুই জয়ের ভাবনা। ভারতের বিপক্ষে আমরা নিজেদের সেরাটা দিতে চাই।’ মনোযোগ ও স্থিরতার গুরুত্ব নিয়েও কথা বলেন মোরসালিন, ‘ফুটবলে প্রত্যেক সেকেন্ডে মনোযোগ ধরে রাখা জরুরি। কখনও কখনও আমরা ফোকাস হারাই, আর সেখানেই গোল হজম করে বসি। এবার সেই ভুলগুলো শুধরে নিতে চাই।’ নিজের পারফরম্যান্স নিয়ে বিনয়ী মোরসালিন, ‘আমি ভালো খেলেছি কি না, সেটা জানি না। তবে ক্ষুধাটা ধরে রাখতে চাই— নিজের ভেতরের উন্নতির ক্ষুধা।’
এদিকে সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন, প্রধান কোচ কাবরেরা স্পেন থেকে পুরো ক্যাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। বলেন, ‘সব পরিকল্পনা আগেই সাজানো ছিল। আমরা তার দেওয়া নির্দেশনামতোই প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। হংকংয়ে আমরা ভুল করেছি, কিন্তু ঘরের মাঠে সবসময়ই ভিন্ন বাংলাদেশ। দর্শকদের আনন্দ দিতে পারাটাই এখন মূল লক্ষ্য।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: