[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নেপাল ম্যাচ নিয়ে আগ্রহ নেই দর্শকদের!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

ঘরের মাঠে আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে বুধবার দুপুর ২টা থেকে। ৩০ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত বিক্রি হয়নি সাধারণ গ্যালারির ১৮ হাজার টিকিট।

সর্বশেষ ৯ অক্টোবর পল্টনের জাতীয় স্টেডিয়ামেই হংকং, চায়নার বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ। ওই ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার প্রায় এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায় সব টিকিট। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়েও সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে নেপাল ম্যাচের আগে সমর্থকদের মধ্যে টিকিট সংগ্রহের আগ্রহ কম কেন?

অবশ্য হংকং, চায়না এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি ছিল এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের। স্বাভাবিকভাবেই ওই ম্যাচ দুটি নিয়ে আগ্রহ বেশি থাকার কথা। তবে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেও কিন্তু সমর্থকদের আগ্রহের কমতি ছিল না। এবার সেখানে কিছুটা ব্যতিক্রমই বলা যেতে পারে। কেননা টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম কুইকেট-এ ঢুকলে দেখা যায় সাধারণ গ্যালারির অর্ধেকের বেশি সিট খালি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান বৃহস্পতিবার বিকেল নাগাদ ৪-৫ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে।

কিন্তু এর আগের তিন ম্যাচের টিকিট তো অনলাইনে ছাড়ার পরপরই বিক্রি হয়েছিল, এবার সমর্থকদের চাহিদা কিছুটা কম কি না জানতে চাইলে গোলাম গাউস বলেন, 'হামজা (চৌধুরী) নামলে পরিস্থিতি বদলে যাবে। মানুষের ধারণা সে আসবে না। কিন্তু আমরা তো তাঁকে বিমানের টিকিট পাঠিয়ে দিয়েছি। ১০ তারিখ সে চলে আসবে।' সব কিছু ঠিক থাকলে নেপালের বিপক্ষে মাঠে নামবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটিতে খেলা বাংলাদেশী তারকা।

এই ম্যাচের টিকিটের জন্য দেশের বহুজাতিক বিভিন্ন প্নতিষ্ঠান এরই মধ্যে যোগাযোগ করছে বাফুফের সঙ্গে। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে কাউকেই ফেডারেশন থেকে টিকিট দিচ্ছে না বলে জানান গোলাম গাউস। শেষ পর্যন্ত স্টেডিয়ামের আসন সাধারণ সমর্থকে পরিপূর্ণ হবে বলে বিশ্বাস জাতীয় দলের সাবেক এই ফুটবলারের।

বাংলাদেশ সর্বশেষ গত সেপ্টেম্বরে ৬ তারিখ ম্যাচ খেলে নেপালের বিপক্ষে। অনেকটা নিয়মিত তাদের সঙ্গে খেলে থাকে বাংলাদেশ। যদিও এবার ভিন্ন পরিস্থিতির স্বীকার হয়ে ফিফা র ্যাঙ্কিংয়ের ১৮০ নম্বরে দলটির সঙ্গে খেলতে হচ্ছে জামাল ভুঁইয়াদের।

১৩ নভেম্বর প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ করা ছিল শক্তিশালী আফগানিস্তান। কিন্তু শেষ মুহূর্তে তারা আসতে না পারায় নেপালকে বেছে নিতে হয় বাফুফেকে। আফগানিস্তান বা অন্য কোনো শক্তিশালী দল আসলে দর্শকদের বেশি আগ্রহ থাকত বলে মত ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যানের, 'হঠাত করে কাউকে না পাওয়াতে... তাছাড়া আফগানিস্তান আসলে ক্রেজটা আরও বেশি থাকতো। কারণ দিনশেষে অনেকেই আসবেন খেলাটা উপভোগ করতে।'

নেপাল ম্যাচের পর ঢাকায় ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। একই দিন মিয়ানমারের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার কথা ছিল আফগানিস্তানের। যে কারণে সে সময় ঢাকায় থাকায় আফগানদের বিপক্ষে প্রীতি ম্যাচের সময় ১৩ নভেম্বর ঠিক করে রেখেছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশে আসতে রাজি হয়নি মিয়ানমার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর