[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

তারকা ফুটবলারকে বাদ দিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫ ১০:১১ এএম

তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে জাতীয় দলের বাইরে রাখার পরিকল্পনা আগেই জানিয়েছিলেন লিওনেল স্কালোনি। অবশেষে নভেম্বর উইন্ডোর জন্য ঘোষিত দলে থাকছেন না এই অভিজ্ঞ গোলরক্ষকসহ আরও কয়েকজন পরিচিত মুখ। তবে যথারীতি আছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন নতুন ফুটবলার।

আগামী ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে স্পেনে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ক্যাম্প। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য দেশীয় ক্লাবের খেলোয়াড়দের ডাক না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাদের যুক্তি ক্লাবগুলো যেন ক্ষতির মুখে না পড়ে। একই মত পোষণ করেছেন কোচ স্কালোনিও।

এর ফলে গত উইন্ডোর স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল, লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কাস আকুনা। অন্যদিকে প্রথমবারের মতো আলবিসেলেস্তে জার্সিতে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনে। ফিরেছেন ভ্যালেন্টিন বার্কোও।

২৩ বছর বয়সী স্ট্রাইকার পানিচেল্লি বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গে খেলছেন। লিগ ওয়ানে ১১ ম্যাচে ৯ গোল করে নজর কেড়েছেন তিনি। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আলো ছড়ানো ১৯ বছর বয়সী প্রেস্টিয়ানি এখন পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন ম্যানেজার জোসে মরিনহোর হাতে। যদিও পর্যাপ্ত সময় না পাওয়ায় ১৭ ম্যাচে তার গোল সংখ্যা ১, অ্যাসিস্ট ২।

২২ বছর বয়সী মিডফিল্ডার পেরোনে খেলছেন ইতালিয়ান ক্লাব কোমোতে নিকো পাজের সতীর্থ হিসেবে। ডিফেন্সিভ মিডের পাশাপাশি আক্রমণ তৈরির দক্ষতার কারণে তাকে বেছে নিয়েছেন স্কালোনি। অন্যদিকে ২০২৪ সালের মার্চে এল সালভাদরের বিপক্ষে অভিষেক হওয়া ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কো এবার সুযোগ পেলেন দলে ফিরে। চলতি মৌসুমে স্ট্রাসবার্গের হয়ে তার গোল ১ ও অ্যাসিস্ট ৪।

পরিচিত কয়েকজনের অনুপস্থিতিতেও অধিনায়ক হিসেবে রয়েছেন লিওনেল মেসি। তবে তার খেলা এখনো নিশ্চিত নয়। অভিজ্ঞদের তালিকায় আছেন রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস গঞ্জালেস এবং জিওভান্নি লো সেলসো। হলুদ কার্ডজনিত কারণে আগের উইন্ডোতে না খেলা এনজো ফার্নান্দেজও ফিরেছেন।

এদিকে মার্টিনেজের অনুপস্থিতিতে গোলবারে দায়িত্ব পালন করবেন জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ।

আর্জেন্টিনার স্কোয়াড
গোলরক্ষক
জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার
নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো।

মিডফিল্ডার
অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ।

ফরোয়ার্ড
লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর