মৌন মিছিল, আসিফকে আল্টিমেটাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনা চলছেই। তারপরই অংশ হিসাবে বুধবার সকালে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে প্রতিবাদী মৌন মিছিল করেন।
জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ও বর্তমানে আবাহনীর কোচ মারুফুল হক মৌন মিছিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন। জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামে এসে মিছিল শেষ হয়।
মারুফুল হক বলেন, ‘আমাদের মৌন মিছিলের পর আসিফ আকবর যদি তিন দিনের মধ্যে নিজের বক্তব্য প্রত্যাহার না করেন এবং ক্ষমা না চান, তাহলে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করব।’ তিনি যোগ করেন, ‘আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করব। কোনো প্রকার অশালীন কিছু বলা হবে না।’ আরেক উদ্যোক্তা জাহিদ হাসান এমিলি বলেন, ‘গতকালও তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তার বক্তব্যের। তিনি সরাসরি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন। বর্তমান-সাবেক কোনো ফুটবলারই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এরপরও যদি তিনি ক্ষমা না চান কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা।’
সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন, গোলাম গাউস,সাইফুর রহমানসহ প্রায় শতাধিক ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তি মিছিলে অংশ নেন। মোহামেডান, রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ ফুটবলসংশ্লিষ্ট আরও অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: