[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বড় ম্যাচে জয়ের আশায় হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

মৃতপ্রায় ফুটবলে ফের জোয়ার এনেছেন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোমরা। জাতীয় দলে কারা যোগ দেয়ার পর মাঠে দর্শক ফিরেছেন। ফুটবল নিয়ে উন্মাদনাও তৈরী হয়েছে দেশজুড়ে।

বাংলাদেশের খেলা দেখতে টিভি সেটের সামনে হুমড়ি খেয়ে পড়ছেন ফুটবলপ্রেমীরা। অ্যাপস ডাউনলোড করে টাকা দিয়ে জামাল-তপুদের খেলা দেখছে ফুটবলপ্রেমীরা। তবে মাঠের খেলায় মন ভরাতে পারছেন না ফুটবলাররা। চলতি বছর এ পর্যন্ত সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জয় কেবল একটিতে।


গত ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একমাত্র জয়টি এসেছিল ২-০ গোলে। দ্বিতীয় জয়টি আসতে পারত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে। হামজা চৌধুরীর জোড়া গোলে নব্বই মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল হজম করে বসে হাভিয়ের কাবরেরার দল। মুঠোয় থাকা জয় হাতছাড়া হয় ২-২ গোলের ড্রয়ে। এনিয়ে টানা সাত ম্যাচে নেপালের বিপক্ষে জয়হীন থাকলো বাংলাদেশ। এর আগে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ৩-৩ সমতায় শেষ হতে চলা ম্যাচে যোগ করা সময়ের ১১ মিনিটে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, শেষ মুহূর্তে বাংলাদেশ গোল হজম করে করে কেন? এটি কি শেষ দিকে মনোযোগ ছুটে যায় বলে ঘটছে, নাকি মানসিক কারণে? তবে এসবে হামজা হতাশ হলেও তার বিশ^াস ভারতের বিপক্ষে বড় ম্যাচ ঠিকই জয় পাবে বাংলাদেশ।


বৃহস্পতিবার রাতে নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের শেষ মুহূর্তে গোল হজমের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল কোচ কাবরেরাকে। স্প্যানিশ কোচ মানসিক সমস্যার বিষয়টি উড়িয়ে দিয়েছেন, এমনকি এই দিকটি নিয়ে তাঁর দল অনেক অনুশীলন করেছে জানিয়ে বলেন, ‘আমি বলব না এটা মানসিক সমস্যা। অনুশীলনে এবং ম্যাচে আমরা শত শত বার এই ধরনের আক্রমণ ঠেকানোর অনুশীলন করি। কিন্তু যেকোনো ম্যাচে এমন ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ, এটা সত্যি যে সাম্প্রতিক সময়ে এটা বারবার ঘটছে, কিন্তু আমি মনে করি না এটা মানসিক সমস্যা।’ বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর শুরুর দিন থেকেই ভক্ত-সমর্থকদের কম মুগ্ধ করছেন না হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা যা দেখালেন, সেটা রীতিমতো অবিশ্বাস্য। ডিফেন্সের ভুলে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দল যখন একটি গোলের জন্য মরিয়া, তখনই তৃষ্ণার্ত ভক্তদের দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোলের প্রদর্শনী দেখালেন হামজা। পরে পেনাল্টি থেকে আরেকবার জাল কাঁপান তিনি। তাতে কয়েক মিনিটের ব্যবধানে লিডটাও পেয়ে যায় লাল-সবুজের দল। যদিও অতিরিক্ত সময়ে গোল হজম করে হতাশার সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে। এতে কিছুটা মর্মাহত হয়েছেন তারকা। শুক্রবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে গিয়ে হামজা বলেন, ‘আমরা চেষ্টা করছি। কিন্তু হচ্ছে না। এতে কিছুটা হতাশ। তবে আশা করছি বড় ম্যাচে আমরা জয় পাবো।’ ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের প্রস্তুতির জন্য নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলেছে স্বাগতিকরা।


এদিন হামজা ও জায়ান আহমেদ মাঠে হালকা চোট পেয়েছিলেন। মাঠ থেকে উঠে যাওয়ার পর ডাগ আউটে আইস ব্যাগ ছিল তাদের পায়ে। এ নিয়ে ফুটবলপ্রেমীদের মনে শঙ্কা জাগে হামজা ভারত ম্যাচে খেলতে পারবেন তো? একই প্রশ্ন জায়ানকে নিয়েও। তবে এই আঘাত গুরুতর কিছু নয় জানিয়ে হামজা বলেন, ‘তাদের আঘাত গুরুতর কিছু নয়, স্বাভাবিক রয়েছে। ভারত ম্যাচ না খেলার মতো বিষয় নেই, তারা খেলবে।’ আগের দিন সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টে হামজা লিখেছেন, ‘শেষমুহূর্তের (গোলে) আরেকটি হতাশার রাত, ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ, চলুন একসঙ্গে থাকি! একইসঙ্গে (আসন্ন) বড় ম্যাচের জন্য প্রস্তুত হই এবং সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর