[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

১৪ শটের টাইব্রেকার, অতপর শেষ ষোলতে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ০৯:১১ এএম

শুরুতেই লাল কার্ড দেখে চাপে পড়ে গেল ব্রাজিল। তবু ম্যাচের বাকি ৮০ মিনিট সময় ১০ জন নিয়েই দাঁতে দাঁত চেপে লড়াই করল তারা। আর শেষে গোলরক্ষক হোয়াও পেদ্রোর বীরত্বে উৎরে গেল দ্বিতীয় রাউন্ডের বাধা।

কাতারের এম্পায়ার জোনের ৯ নম্বর মাঠে শুক্রবার রাতে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-র ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ১৪ শটের লড়াইয়ে ৫-৪ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

এর আগে মূল ম্যাচে গোলের দেখা পায়নি কোনো দল। হোয়াও পেদ্রোর বীরত্বে শেষ ষোলোর টিকেট পেয়ে এখন সেখানে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়াকে হারিয়ে পরের পর্বের টিকেট পেয়েছে ফ্রান্স।

রাউন্ড অব ৩২-এ অল কনমেবল লড়াইয়ে দশম মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিতোর হুগো। তবু প্রথমার্ধের বেশিরভাগ সময় দাপট দেখিয়েই খেলে ব্রাজিল। পাশাপাশি গোলেরও সুযোগ তৈরি করে।

বিরতির পর ঘুরে দাঁড়ায় প্যারাগুয়ে। আক্রমণের জোর বাড়িয়ে অল্পের জন্য গোলের দেখা পায়নি তারা। ক্রসবারে লেগে ফিরে আসে বল। ফলে গোল শূন্য থাকে দুই দলের নির্ধারিত ৯০ মিনিটের খেলা।

টাইব্রেকারে পার্থক্য গড়ে দেন পেদ্রো। নির্ধারিত পাঁচ শটে দুই দলের থাকে ৪-৪ সমতা। ফল পাওয়ার জন্য এরপর শুরু হয় সাডেন ডেথ। যেখানে পরপর দুই শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক হোয়াও পেদ্রো।

সাডেন ডেথে ব্রাজিলের প্রথম শটে গোল করতে ব্যর্থ হন আর্থুর রায়ান। তবে লুইস পাচেকোর পরের শটে ম্যাচ জয়ের আনন্দে মাতে সেলেসাওরা।

এই ম্যাচসহ বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এ শুক্রবারের ৮ ম্যাচের মধ্যে ৪টিতেই খেলা গড়ায় টাইব্রেকারে। অন্য তিন ম্যাচে কানাডাকে রিপাবলিক অব আয়ারল্যান্ড, আর্জেন্টিনাকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে হারায় মরক্কো।

এছাড়া দিনের অন্য চার ম্যাচে জাম্বিয়াকে মালি, বেলজিয়ামকে পর্তুগাল, মিশরকে সুইজারল্যান্ড ও কলম্বিয়াকে হারিয়ে ফ্রান্স পায় শেষ ষোলোর টিকেট।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর