ভারতের বিপক্ষে জয় চান শমিত সোম
দুই প্রতিবেশী দেশের লড়াইয়ের উত্তাপ টের পাচ্ছেন কানাডা প্রবাসী বাংলাদেশী ফুটবলার শমিত সোমও। ভারত ম্যাচে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। লাল সবুজের জার্সিতে জিতে ব্যাকুল শমিত।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচ মঙ্গলবার ভারতের বিপক্ষে। প্রতিপক্ষ যখন ভারত, তখন বাড়তি উত্তাপ কাজ করছে পুরো লাল সবুজের দলে। মাঠে এবং মাঠের বাইরে এই ম্যাচ নিয়ে আলোচনা থাকে তুঙ্গে। দুই প্রতিবেশী দেশের লড়াইয়ের উত্তাপ টের পাচ্ছেন কানাডা প্রবাসী বাংলাদেশী ফুটবলার শমিত সোমও। ভারত ম্যাচে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। লাল সবুজের জার্সিতে জিতে ব্যাকুল শমিত। শনিবার জাতীয় স্টেডিয়মে অনুশীলনের পর তিনি বলেন, ‘ভারত ভালো দল, আমরাও ভালো। এই ম্যাচ অনেক অর্থবহ। আমরা প্রস্তুত থাকবো। আশাকরি যে, আমরা জিততে পারবো। আমরা যদি ভালো খেলতে পারি, ভালো পারফরম্যান্স দিতে পারি- তাহলে আমরাই জিতবো।’
বাংলাদেশের হয়ে ইতোমধ্যেই চারটি ম্যাচ খেলেছেন শমিত সোম। এই ম্যাচগুলোর মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচকে ঘিরেই নিজের ভাবনা জানালেন শমিত, ‘ম্যাচে অনুপ্রেরণা কাজ করবে। প্রতিশোধের বড় ম্যাচ।’ তিনি যোগ করেন, ‘আমরা জানি এই ম্যাচে চাপ থাকবে অনেক। কোচ বললেন, ভারতের বিপক্ষে আমরা ২৩ বছর (২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ) জিততে পারিনি। তাই ওই ম্যাচের জন্য উজ্জীবনী তৈরী করতে হবে। কারণ সবাই জানে এই ম্যাচের অর্থ কি। আমি যখন বাংলাদেশের জন্য খেলা শুরু করি, আমার মনে আছে প্রথম দিন আমাকে কেউ একজন বলেছিলেন, ভারত ম্যাচের জন্য তৈরী থাকতে। তখন আমাদের প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর। তাই এই ম্যাচের কথা আমাদের মাথায় অনেক আগে থেকেই ছিল।’
ভারত ম্যাচের আগে প্রতিপক্ষের দূর্বলতা নিয়ে কাজ করছে বাংলাদেশ। ভারতের ডিফেন্স এবং মিডফিল্ডে ভংঙ্কর হতে চায় বাংলাদেশ। শমিত বলেন, ‘ভারত ভালো দল। তবে তাদেরও দুর্বলতা আছে। এদের মিডফিল্ড লাইন এবং ডিফেন্স লাইনে গ্যাপ থাকে। ওই দিকটা আমাদের নজরে থাকতে হবে। এমনকি আপনারা দেখেছেন নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ভারত এভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার ওই ভাবে রাখতে পারবে না। এখন আমরা যেভাবে পাসিং করছি, ওই হাফ স্পেসগুলা পাচ্ছি। ওইভাবে আমরা ভারতের বিপক্ষে ভাল করতে পারবো।’
আন্তর্জাতিক ম্যাচে অনেক দিন জয়বঞ্চিত বাংলাদেশ। এ বিষয়ে শমিত সোমের কথা, ‘আগামী ম্যাচেই আমরা জয় দিয়ে উদযাপন করবো। ভারতের বিপক্ষে জয় আরও আনন্দ দিবে। আশা করি আগামী ম্যাচে জয়োৎসব করব।’
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে হামজার খেলা দেখতে ইংলিশ লিগের লেস্টার সিটি থেকে দুইজন হামজা সমর্থক ঢাকায় এসেছেন। কাল হামজা চৌধুরি টিম বাস থেকে নামার পর ড্রেসিংরুমে যাওয়ার পথে তাদের সাথে বেশ হাসিমুখে আলাপ করেন। অনুশীলন শুরুর আগে সামিত সোম মিডিয়ার সাথে কথা বলেন। এরপরই মিডিয়া মাঠে প্রবেশ করলে লেস্টারের দুই প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। লেস্টার সিটির ভিডিও প্রডিউসার ড্যান টাগট বলেন, ‘হামজার উপর ডকুমেন্টারি করতে আমরা বাংলাদেশে এসেছি। ইংল্যান্ডে হামজাকে নিয়ে শুট করেছি। এখন বাংলাদেশে চার দিন থাকব। ভারত ম্যাচের পরের দিনই চলে যাব। এটা লেস্টারের ইউটিউব চ্যানেলে প্রচার হবে মাস খানেক পর।’ লেস্টারের অন্যতম ফুটবলার ঘানার আবদুল ফাতাউ। হামজার উপর ভিডিও করতে ঘানা গিয়েছিল লেস্টারের টিম। এবার হামজার জন্য বাংলাদেশে এসেছেন তারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: