[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউরোপিয়ান ক্লাবের নজরে তারিক কাজী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ১৪:১১ পিএম

ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশের তারকা ডিফেন্ডার তারিক কাজীর দিকে নজর পড়েছে রোমানিয়ান ক্লাব ডিনামো বুখারেস্টের। আসন্ন জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে ভেড়াতে চায় ইউরোপের পরিচিত ক্লাবটি। এক প্রতিবেদনে এমন খবরই জানিয়েছে দলবদল বিষয়ক সংবাদমাধ্যম ট্রান্সফার মার্কেট।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে পাঁচ মৌসুম খেলছেন তারিক। তবে সম্প্রতি জাতীয় দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং, চায়না ম্যাচ খেলার পর ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, বাংলাদেশের শীর্ষ ক্লাব কিংসের সঙ্গে আর থাকছেন না তিনি।


জানা গেছে, ক্লাবের সঙ্গে সুসম্পর্ক থাকলেও গত এক বছর বেতন নিয়ে টানাপোড়েনের কারণেই কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেন ২৫ বছর বয়সী তারিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে কিংসের সঙ্গে আমার চুক্তি বাতিল করেছি।’

তিনি আরও বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি। অনিশ্চয়তার এমন এক সময়, যা আমাকে শুধু পেশাদার হিসাবেই নয়, একজন মানুষ হিসাবেও পরীক্ষা নিয়েছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না, এটি ছিল একটি মানসিক চাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে।’

ক্লাব ফুটবলে বসুন্ধরাকে বিদায় জানালেও তারিক অবশ্য বাংলাদেশ দলে খেলছেন ঠিকই। গেল মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে ইনজুরি পেয়ে মাত্র ২৭ মিনিটের মাথায়ই মাঠ ছাড়েন তিনি। এখন ইউরোপের ক্লাব থেকে তিনি ডাক পান কি না, সেটাই দেখার বিষয়।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর