বাংলাদেশের কিশোরদের এএফসি মিশন আগামীকাল শুরু
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় আগামীকাল শনিবার মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের কিশোররা পাচ্ছে তিমুর লেস্তেকে। চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
টুর্নামেন্টে অংশ নিতে গত ১৮ নভেম্বর চীনে পৌঁছায় বাংলাদেশ দল। আজ ছিল দলের প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স। সেখানে কথা বলেন দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
বাছাইয়ে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে স্বাগতিক চীন ছাড়াও আছে তিমুর লেস্তে, বাহরাইন, ব্রুনেই ও শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন দলটি যাবে এশিয়ান কাপের মূল পর্বে। ১৬ দল নিয়ে মূল প্রতিযোগিতা গড়াবে আগামী বছর সৌদি আরবে। ৯টি দল এরই মধ্যে মূলপর্বে খেলা নিশ্চিত করেছে, বাকি ৭ দল আসবে বাছাইপর্ব থেকে।
এশিয়ান কাপের মূলপর্বে খেলতে শুরুটা জয় দিয়ে করতে চান কোচ গোলাম রব্বানী। বাংলাদেশ অবশ্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে নিজেদের উদ্বোধনী ম্যাচে। সম্প্রতি ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নীত হওয়া বাংলাদেশ আছে ১৮০-তে। সেখানে বাংলাদেশের চেয়ে ১৮ ধাপ পিছিয়ে তিমুর লেস্তে (১৯৮)।
বাছাইয়ে প্রতিটি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। শেষে পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দল পাবে মূল আসরের টিকিট। বাংলাদেশ চায় ম্যাচ বাই ম্যাচ ধরে এগুতো। কোচ ছোটন বলেন, ‘আমরা নিজেদের খেলায় ফোকাস করবো, গেম প্ল্যানে থাকবো এবং ম্যাচ বাই ম্যাচ খেলব। ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করব। কারণে আমরা কোয়ালিফাই করার জন্য এখানে এসেছি।’
গ্রুপে বাংলাদেশকে কঠিন সময় পার করতে হবে স্বাগতিক চীন ও বাহরাইনের বিপক্ষে। দুটি দলই বাংলাদেশের চেয়ে শক্তিমত্ত্বায় এগিয়ে। কোচ গোলাম রব্বানী অবশ্য সেসব নিয়ে চিন্তিত নন। জানিয়েছেন, তাঁর দল চীনে খেলার জন্য এবং জেতার জন্য মুখিয়ে আছে।
কোচের মতো ধাপে ধাপে টুর্নামেন্টে এগুনোর কথা বলেন অধিনায়ক নাজমুল হুদাও, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ম্যাচ ভালো করতে পারি। এবং আমাদের পরের ম্যাচ ধাপে ধাপে ভালো করতে পারি। আমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে ফিরতে চাই।’
বাংলাদেশ দল যেদিন চীনের উদ্দেশ্যে দেশ ছাড়ে সেদিন সিনিয়র জাতীয় ফুটবল দল ঘরের মাঠে হারায় ভারতকে। প্রাণ ফেরে হোম অব ফুটবল- জাতীয় স্টেডিয়ামে। এবার বয়সভিত্তিক পর্যায়ে সাফল্য আনতে মরিয়া নাজমুল হুদা, ‘বর্তমানে বাংলাদেশ ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে; সিনিয়র টিম যেভাবে নিজেদেরকে প্রমাণ করতেছে, ইনশাআল্লাহ আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখব।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: