কবে, কোথায় বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
প্রায় ৯ বছর ধরে একসঙ্গে আছেন আল-নাসরে খেলা পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। এরই মধ্যে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছেন রোনালদো। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি। জানা গেছে, সেটির পরিকল্পনাও সেরে রেখেছেন তারা।
গোল ডটকম জানিয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রোনালদো ও জর্জিনা। রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরার ফানচাল ক্যাথেড্রালে খ্রিস্টীয় নিয়মে সারা হবে বিয়ের অনুষ্ঠান। আর বিবাহ পরবর্তী অনুষ্ঠান সারা হবে একটি বিলাসবহুল হোটেলে।
যে হোটেলে বিয়ে পরবর্তী অনুষ্ঠান করা হবে সেটি রোনালদোর জন্য একটি বিশেষ জায়গা। গোল ডটকমের তথ্য অনুযায়ী, রোনালদো যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে মাত্র ১.৫ মাইল দূরে হোটেলটি। তাছাড়া, শৈশবের খেলা ক্লাব ন্যাসিওনাল দা মাদেইরা থেকে সেটি মাত্র ৩ মাইল দূরে।
গত আগস্টে আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। বলাই বাহুল্য, প্রস্তাবটি সঙ্গে সঙ্গে গ্রহণ করেন জর্জিনা। ২০১৬ সালে প্রেম শুরু হয়েছিল এই দুজনের। ৯ বছরে ৫ সন্তানের পরিবার তাদের।
সম্প্রতি পিয়ের্স মরগানের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে আংটি দিয়ে বিয়ের প্রস্তাবের মুহূর্ত উল্লেখ করেছেন রোনালদো। বিশ্বের সর্বাধিক গোলের এই মালিক নিজেকে রোমান্টিক না বলেও জানিয়েছেন। ঘটনার বর্ণনায় সিআরসেভেন বলেন,'তখন রাত একটার মতো। আমার কন্যারা বিছানায় ঘুমাচ্ছিল। জিওকে (জর্জিনা) দেয়ার জন্য রিংটি আমার এক বন্ধু এনে দিয়েছিল।'
জর্জিনাকে দেয়া আংটির দাম কত
আংটি বিশেষজ্ঞ লরা টেইলরের হিসাব অনুযায়ী, জর্জিনাকে দেয়া আংটির বাজারমূল্য অন্তত দেড় মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৪ কোটি টাকারও বেশি। তবে ভিন্ন কথা বলছেন আরেক বিশেষজ্ঞ টোবাইস করমিন্ড। দ্য মিররকে তিনি বলেছেন, আমরা ধারণা করছি জর্জিনা রদ্রিগেজের নজরকারা আংটির মূল্য অন্তত ৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬১ কোটি টাকারও বেশি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: