[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

তিন হারের পর জয়ের দেখা পেল লিভারপুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫ ০৮:১২ এএম

সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না লিভারপুলের। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের মুখে পড়েছিল ইংলিশ ক্লাবটি। অবশেষে সেই হতাশা পিছনে ফেলে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেলো প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রোববার (৩০ নভেম্বর) প্রিমিয়ার লিগে টেবিলের নিচের দিকে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে জিতেছে আর্নে স্লটের দল। লিভারপুলের জার্সিতে লিগে গোলের খাতা খুলেন আলেকসান্দার ইসাক। আর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুন করেন কোডি গাকপো।

এ জয়ের পর লিগে ১৩ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে লিভারপুল। ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা লাল কার্ড দেখায় শেষের কিছু সময় ১০ জন নিয়ে খেলা ওয়েস্ট হ্যাম সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৭ নম্বরে।

একের পর এক ম্যাচে সাদামাটা পারফরম্যান্সের কারণে মোহাম্মদ সালাহর ওপর আস্থা হারিয়েছেন লিভারপুল কোচ। সে কারণে এদিন শুরুর একাদশে জায়গা হারান মিশরের এই তারকা স্ট্রাইকার। ইয়ুর্গেন ক্লপ যুগের পর এই প্রথম বেঞ্চে বসে খেলা দেখলেন সালাহ।

তার বদলে আক্রমণভাগে আলেকজান্ডার ইসাক আর ফ্লোরিয়ান ভির্টৎসকে নিয়ে শুরুর একাদশ সাজায় অলরেডসরা। ২১তম মিনিটে দারুণ একটি সুযোগও পান ইসাক, কিন্তু কাছ থেকেও ওয়েস্ট হাম ইউনাইটেডের গোলরক্ষক আলফুঁস আরিওলাকে পরাস্ত করতে পারেননি তিনি।

৩৯তম মিনিটে আবার সুবর্ণ সুযোগ আসে প্রতিযোগিতাটির রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নদের সামনে। এবার ডি-বক্সে বল পেয়ে দুর্বল শট নেন ফ্লোহিয়ান ভিয়েৎস, তবে সেই শট ঠেকিয়ে দেন ওয়েস্ট হাম ইউনাইটেডের গোলরক্ষক।

অবশেষে ৬০তম মিনিটে ডেডলক ভাঙেন ইসাক। কোডি গাকপোর কাটব্যাক পেয়ে প্রথম ছোঁয়ায় শট নেন ইসাক। পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়। সাড়ে ১২ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে গত সেপ্টেম্বরে লিভারপুলে যোগ দিয়ে তাদের জার্সিতে প্রিমিয়ার লিগে প্রথম গোল করলেন ইসাক।

৮১তম মিনিটে মাঝমাঠে লিভারপুলের সোবোসলাইকে ফাউল করেন নিকলাস ফুয়েলখুগ। ওই ফাউলের সিদ্ধান্ত নিয়ে অহেতুক রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন লুকাস পাকেতা। তাতে যেন আরও মেজাজ হারিয়ে ফেলেন তিনি, আবার তর্ক করে দেখেন লাল কার্ড।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন গাকপো। জো গোমেজের উঁচু করে বাড়ানো পাস বুক দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন, তারপর জোরাল শটে বল জালে জড়ান নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর