দেশে ফিরল বাংলাদেশ অ-১৭ দল
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্ব পেরুতে না পারলেও দারুন এক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছে বাংলাদেশের অ-১৭ দল। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে করে দুপুর সোয়া একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে দলটি।
বাছাই পর্বে এ-গ্রুপে বাংলাদেশসহ ছয়টি দল ছিল। প্রত্যেক দল পাঁচটি করে ম্যাচ খেলেছে। যার মধ্যে চীন পাঁচ ম্যাচেই জিতে অ-১৭ এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। তবে চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট পেলেও শেষ ম্যাচে চীনের কাছে হেরে আশাভঙ্গ হয়েছে বাংলাদেশের। গ্রুপের খেলায় পূর্ব তিমুরকে ৫-০ গোলে, ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে, শ্রীলংকাকে ৫-০ গোলে এবং বাহরইনকে ২-১ গোলে হারিয়ে চীনের অপেক্ষায় ছিল বাংলাদেশ। কিন্তু দূর্ভাগ্য তাদের। স্বাগতিকদের কাছে ৪-০ গোলে হেরে মূল পর্বে খেলার আশা শেষ হয়ে যায় লাল সবুজের কিশোরদের।
ফলে ১৫ পয়েন্ট নিয়ে মূল পর্ব নিশ্চিত করে চীন। আর বাড়ির পথ ধরে বাংলাদেশ। আগামী বছর সৌদি আরবে হবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা। সেখানে অংশ নেবে ১৬ দল। বাছাই পর্ব খেলে ৭টি দল মূল পর্বে উঠছে।
পুরো প্রতিযোগিতাজুড়ে অনবদ্য পারফরম্যান্স দেখালেও শেষ ম্যাচের হারই থামিয়ে দেয় বাংলাদেশের মূল পর্বে যাওয়ার সুযোগ। এবার মূলপর্বে যেতে না পারলেও প্রথম চার ম্যাচের পারফরম্যান্স আশা দেখাচ্ছে দেশের ফুটবল প্রেমীদের মনে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: