ফুটবল থেকে অবসরে গেলে মিক্সড মার্শাল আর্টে নামবেন রোনালদো!
বয়সটা ৪০, তবে এখনও তিনি ছুটছেন দুর্দান্ত গতিতে। ক্যারিয়ারের গোধূলী লগ্নে এসেও মেটেনি তার গোলের ক্ষুদা। তবে এরপর? ফুটবলকে যখন বিদায় জানাবেন তারপর তিনি কি করবেন? কোচিংয়ে নাম লেখাবেন, নাকি ব্যবসায় মনোযোগ দেবেন। আসলে তার কোনোটিই নয়, খুব সম্ভবত ফুটবলকে বিদায় জানানোর পর ক্রিস্টিয়ানো রোনালদো নাম লেখাতে পারেন মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) লড়াইয়ের জগৎ-এ।
আগামী বছর যে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো, গত মাসেই সেটা তিনি পরিষ্কার করেছেন। সিএনএন উপস্থাপককে তখন রোনালদো নিজের অবসরের সময়টাও পরিষ্কার করে বলেছিলেন। বলেছিলেন শিগগিরই তিনি অবসর নেবেন, তবে শিগগিরই বলে আরও এক-দুই বছরের কথা বুঝিয়েছেন তিনি।
মাঠের বাইরে রোনালদোর অনেক ব্যাবসা আছে। হোটেল ব্যাবসা, জিম, ফ্যাশন, সিনেমা, প্রযুক্তি এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ আছে তার। কিন্তু ফুটবলকে বিদায় জানানোর পর রোনালদো কি তার এসব ব্যবসায় মনোনিবেশ করতে পারবেন? নিজে খেলোয়াড়, তাই খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছুতেই মনোযোগ দিতে পারেন পর্তুগিজ এই সুপারস্টার। আর সেটা সম্ভবত মিক্সড মার্শাল আর্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গত ২৭ নভেম্বর রোনালদোর হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। সেখানে লিখা হয়, ‘রোমাঞ্চ নিয়ে বড় একটা খবর জানাচ্ছি, ওয়াওএফসিএমএমএ’র অংশীদার হতে যাচ্ছি। শৃঙ্খলা, সম্মান, দৃঢ়তার মতো মূল্যবোধের বিষয়ে আমাদের ভাবনা এক। ওয়াওএফসি অনন্য এবং শক্তিশালী কিছু তৈরি করছে আর তাতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমরা যেন খেলাটাকে নতুন উচ্চতায় নিতে পারি, তরুণদের অনুপ্রাণিত করতে পারি।’
রোনালদোর সেই পোস্টের জুড়ে দেওয়া হয়েছিল সংবাদ বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ওয়াওএফসির অংশীদার হয়ে বিশ্বব্যাপী নতুন যুগের সূচনা করলেন। ওয়াওএফসি গর্বের সঙ্গে জানাচ্ছে, বিশ্বের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিষ্ঠানের অংশীদার হবেন। তার যোগ দেওয়া ওয়াওএফসির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ভবিষ্যতের মিক্সড মার্শাল আর্ট দুনিয়ার জন্য বদলে যাওয়ার মুহূর্ত।’
ওয়াওএফসির পুরো নাম ‘ওয়ে অব ওয়ারিয়র।’ এই স্প্যানিশ ফার্মটি মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ইভেন্ট আয়োজন করে। ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’ জানিয়েছে, প্রতিষ্ঠানটির বোর্ডে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) লাইটওয়েট তারকা ইলিয়া তপুরিয়ার সঙ্গে যোগ দেবেন রোনালদো।
রোনালদোর সেই পোস্টে সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াওএফসির পক্ষ থেকে বলা হয়, ‘ওয়াওএফসি সব ধরনের দর্শক শ্রেণিতে ব্যাপক প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেছে। বছরের পর বছর ধরে ইভেন্টে অংশ নেওয়ার হার ৪০০ শতাংশ বেড়েছে। প্রতিটি শোতে টিকিট বিক্রি ধারাবাহিকভাবে ৫ হাজারের বেশি অতিক্রম করেছে। ইভেন্টগুলো আন্তর্জাতিকভাবে ১৭০-এর বেশি দেশে পৌঁছেছে, যা কমব্যাট স্পোর্টসে এই প্রতিষ্ঠানকে বিশ্বের উদীয়মান শক্তিতে পরিণত করেছে।’
রোববার (৩০ নভেম্বর) নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেছেন রোনালদো। ক্যাপশনে লেখা, ‘লড়াইয়ের (ফাইটিং) নতুন যুগ শুরু হচ্ছে।’ ভিডিওতে রোনালদো ও তপুরিয়া নিজেদের ইচ্ছের কথাগুলো বলেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: