[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বকাপের যাত্রা। প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ায় কাগজ কলম নিয়ে প্রিয় দলের বিশ্বকাপ সফর নিয়ে হিসেব-নিকেশও শুরু করেছেন সমর্থকরা।

বাফুফে সূত্রে জানা গেছে, আগামী ১৪ জানুয়ারি এক দিনের সফরে বাংলাদেশে আসার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বিশ্বকাপ ট্রফির। সফরসূচি এখনো চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও ফিফা ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিষয়টি মৌখিক ও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে ৪৮ দল। এবারের বিশ্বকাপ ট্রফি সফরে আয়োজক প্রতিষ্ঠান দর্শক সম্পৃক্ততা বাড়াবে বলে প্রত্যাশা বাফুফের। ২০২৬ বিশ্বকাপের ম্যাচ বাড়ায় এবার ফিফা থেকে পাওয়া টিকিটের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমাদেরকে বার্তা পাঠিয়েছে যে তারা ট্রফিটা আনছে। আমরাও জানতাম। ট্রফিটা বাংলাদেশে এক দিনের জন্য আসবে। আমাদেরকে বলা হয়েছে, ওরা ফাইনাল পরিকল্পনা করে আমাদের দেখাবে। সেখানে যদি আমাদের কোনো ইনপুট থাকে, তারা বিবেচনা করবে। আমরা কিন্তু ইতোমধ্যেই ফিফাকে জানিয়েছে, এবার যেহেতু খেলা বেড়েছে, আমাদেরকে বেশি টিকিট দেওয়া যায় কিনা।’

ফাহাদ করিম জানিয়েছেন, এবারের ট্রফি সফরে দর্শক অংশগ্রহণ বাড়ানোর দিকেই গুরুত্ব দিতে চায় আয়োজক সংস্থা। তিনি বলেন, 'ফিফা আমাদের নিশ্চিত করেছে যে ট্রফি সফরের পরিকল্পনা রয়েছে। তারা তাদের চূড়ান্ত রূপরেখা আমাদের কাছে উপস্থাপন করবে। সেখানে আমাদের কোনো প্রস্তাব থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।'

বিশ্বকাপের বছরেও থেমে থাকবে না দেশের ফুটবলের কার্যক্রম। আগামী বছরে অন্তত পাঁচজন প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বাফুফে। এর মধ্যে আলোচিত সুলিভান ব্রাদার্স রয়েছেন তালিকায়। তবে ইংলিশ ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান আলী ওয়াহিদকে নিয়ে এখনই আশার কথা শোনানো যাচ্ছে না।

এ বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘সুলিভান ব্রাদার্স তো অবশ্যই আছেন। আমরা অনেক আগে থেকেই তাদের নিয়ে কাজ শুরু করেছি। শমিতের সঙ্গে যখন আমরা কথা বলি, তখনই কিন্তু ফারহানের পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তখন তারা জানিয়েছিল, এ মুহূর্তে তারা বিবেচনা করছে না। সুতরাং আমরা অপেক্ষা করব।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর