কঠিন সময়ে স্বস্তির জয় রিয়ালের
আলাভেসকে ২-১ গোলে পরাজিত করে লা লিগায় স্বস্তির নিঃশ্বাস ফেলল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে এবং রদ্রিগোর মূল্যবান গোলে কেবল দলের জয়ই নিশ্চিত হলো না, একই সাথে কোচের পদ নিয়ে থাকা শঙ্কাও আপাতত দূর হলো। কোচ জাবি আলোন্সোর ওপর চাপ যখন ক্রমশ বাড়ছিল, তখন এই জয়টির জন্য তিনি মুখিয়ে ছিলেন।
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারের ধাক্কা এবং স্প্যানিশ গণমাধ্যমের তীব্র জল্পনা-কল্পনার মধ্যে আলাভেসের মাঠে নামেন আলোন্সোর শিষ্যরা। চোট ও নিষেধাজ্ঞার কারণে নিয়মিত ডিফেন্ডারদের অনুপস্থিতি সামাল দিতে এই ম্যাচে একাডেমির ১৯ বছর বয়সী ফুল-ব্যাক ভাল্দেপেনাসের অভিষেক ঘটে।
ম্যাচের শুরুতে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে সামান্য চোট পান তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তবে সেই উদ্বেগ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৪তম মিনিটে মাঝমাঠ থেকে জুড বেলিংহ্যামের বাড়ানো নিখুঁত পাস ধরে, এমবাপ্পে দারুণ দক্ষতায় রিয়ালকে এগিয়ে দেন। এটি ছিল এবারের লিগে তার ১৭তম গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬তম গোল। প্রথমার্ধে থিবো কোর্তোয়ার দৃঢ়তায় আলাভেস সমতায় ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ম্যাচে উত্তেজনা ফেরে। ৬৭তম মিনিটে বদলি নামা কার্লোস ভিনসেন্তে গোল করে আলাভেসকে সমতায় ফেরান। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও, ভিএআর চেক শেষে সিদ্ধান্ত পাল্টে গেলে আলাভেসের শিবিরে আনন্দের বন্যা নামে।
তবে রিয়াল মাদ্রিদের জয়সূচক মুহূর্তটি আসে ম্যাচের ৭৬তম মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের মাপা পাস ধরে ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে কাছ থেকে স্লাইডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। প্রায় ১১ মাস পর লা লিগায় গোলের দেখা পেলেন তিনি। গোলের পর ডাগআউটে আলোন্সোর বাঁধভাঙা উল্লাসই বলে দিচ্ছিল, এই গোল তার জন্য কতটা স্বস্তিদায়ক।
এই ম্যাচে আলোন্সোর কোচিংয়ে এই প্রথম কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো এবং জুড বেলিংহ্যাম একসঙ্গে শুরুর একাদশে নামেন এবং এই চারজন তারকার প্রত্যেকেই হয় গোল করেছেন অথবা অ্যাসিস্ট করেছেন।
১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন লা লিগায় দ্বিতীয় স্থানে আছে, ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী বুধবার (১৭ ডিসেম্বর) কোপা দেল রের শেষ বত্রিশে তৃতীয় স্তরের দল আর সিএফ তালাভেরার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: