[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রাক মৌসুমে ‘বার্সেলোনার’ মুখোমুখি মেসির ইন্টার মায়ামি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

দুর্দান্ত একটি মৌসুম শেষ করে এবার নতুন মৌসুমের লড়াইয়ের প্রস্তুতি শুরু করছে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ২০২৬ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আমেরিকা সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে লিওনেল মেসির ক্লাব। এই সফরে পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে তিনটি হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ার মাশ্চেরানোর শিষ্যরা।

মায়ামির এই প্রাক-মৌসুম সফর শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। পেরুর লিমা শহরের আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে স্বাগতিক আলিয়াঞ্জা লিমার মুখোমুখি হবে তারা। ২৫টি লিগ শিরোপাজয়ী এই ক্লাবটি পেরুর ফুটবলের অন্যতম সফল নাম।

এরপর ৩১ জানুয়ারি কলম্বিয়ায় দুইবারের কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন আতলেতিকো নাসিওনালের বিপক্ষে মাঠে নামবেন মেসি-সুয়ারেজরা। এই সফরে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হতে যাচ্ছে ইকুয়েডরে। সেখানে ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিল-এর বিপক্ষে। গুয়ায়াকিলের এসতাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রাক-মৌসুম সফর শেষ করে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এমএলএসের মূল আসরে মাঠে নামবে ইন্টার মায়ামি। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস কলিসিয়ামে সন হিউং-মিনের দল এলএএফসির মুখোমুখি হবে তারা।

তবে ২০২৬ সালটি মায়ামি সমর্থকদের জন্য বিশেষভাবে স্মরণীয় হতে যাচ্ছে তাদের নতুন স্টেডিয়ামের কারণে। আগামী ৪ এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে মায়ামির নতুন ‘হোম’— মায়ামি ফ্রিডম পার্ক। তার আগে ৪ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচটি হতে যাচ্ছে ফোর্ট লডারডেলের বর্তমান চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামির শেষ ম্যাচ।

প্রাক-মৌসুমের জন্য এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না করলেও লাতিন আমেরিকায় মেসি ম্যাজিক দেখতে প্রতিটি ম্যাচেই গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে বলে প্রত্যাশা করছে আয়োজকরা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর