[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী লিগে জয়ে শুরু সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

আজ সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নারী ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে পুলিশ এফসিকে ২-০ ব্যবধানে হারায় সেনাবাহিনী।

ম্যাচের প্রথমার্ধের অন্তিম সময়ে প্রায় ৩৫ গজ দূর থেকে উচিয়ে শট নিলেন তন্নিমা বিশ্বাস। বল হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা পুলিশের গোলকিপার তাসলিমার গ্লাভস জোড়াকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে বল। অবিশ্বাস্য, অকল্পনীয় ও দৃষ্টিনন্দন এক গোলের উচ্ছ্বাসে সতীর্থেদের সাথে বাঁধনাহারা উদযাপনে মাতলেন তন্নিমা। দ্বিতীয়ার্ধে আবারও তিনি পেলেন জালের দেখা। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নারী ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে পুলিশ এফসিকে ২-০ ব্যবধানে হারায় সেনাবাহিনী।

অচলাবস্থার অবসান ঘটিয়ে এক মৌসুম পর মাঠে ফিরল মেয়েদের লিগ। পুলিশ এএফসি, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিকেএসপি এবং রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব-নতুন এই চার দলসহ মোট ১১ দল নিয়ে হচ্ছে এবারের লিগ। চ্যাম্পিয়ন দল পাবে চার লাখ টাকা পুরস্কার। ঢাকায় চলছে শৈত্যপ্রবাহ। ফলে মাঠে আলো কম। তাই ফ্ল্যাডলাইটের আলোয় হলো উদ্বোধনী ম্যাচটি। জুবুথুবু অবস্থায় গ্যালারিতে মেয়েদের খেলা উপভোগ করলেন শ’পাঁচেক দর্শক। সানজিদা আক্তার, আইরিন খাতুন, সাগরিকা, কোহাতি কিসকুদের মতো সাফজয়ী চেনামুখ নিয়ে গড়া পুলিশ এফসি এবং বয়সভিত্তিক দলের নয়জনকে নিয়ে গড়া সেনাবাহিনীর লড়াইয়ে শুরুর দিকে অবশ্য ছিল না উত্তাপ।

ম্যার ম্যারে এক ম্যাচের প্রাণ ফেরে ৪০তম মিনিটে, তন্নিমার অভাবনীয় এক গোলে (১-০)। দ্বিতীয়ার্ধে পুলিশ মরিয়া হয়ে ওঠে গোল পরিশোধে। কিন্তু রক্ষণদূর্গ জমাট রেখে খেলতে থাকে সেনাবাহিনী। ৫৬তম মিনিটে সাবিনা আক্তার রুবির চিপ শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালের দিকে যাচ্ছিল, দারুণ ক্ষিপ্রতায় ক্লিয়ার করেন সেনাবাহিনীর ডিফেন্ডার রুমা আক্তার। ৭০তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ হয় সেনাবাহিনীর। সুলতানার থ্রু পাস ধরে বক্সে ঢুকে দূরূহ কোণ থেকেই শট নেন তন্নিমা। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায় (২-০)। ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিউ’ স্টাইলে গোল উদযাপন করেন এই ফরোয়ার্ড। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সেনাবাহিনী।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর