নারী ফুটবল লীগে তিনটি ম্যাচ আজ
আবারও মাঠে গড়াতে যাচ্ছে নারী ফুটবল লীগ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গত মঙ্গলবার স্থগিত হওয়া ম্যাচগুলো হবে আজ।
দিনের প্রথম খেলায় বেলা আড়াইটায় আনসার ও ভিডিপি ফুটবল ক্লাবের প্রতিপক্ষ সদ্য পুস্করিনি যুব স্পোর্টিং ক্লাব। সন্ধ্যা পৌনে ৬টায় কাচারিপাড়া একাদশ উন্নয়ন সংস্থার মুখোমুখি হবে সিরাজ স্মৃতি সংঘ। তৃতীয় ম্যাচে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবের মোকাবিলা করবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। যে দলে খেলছেন তহুরা-শামসুন্নাহাররা।
দেড়বছর পর ফিফার অর্থায়নে হওয়া নারী লীগ মাঠে গড়ানোর প্রথমদিনেই সমালোচনায় জর্জরিত। টুর্নামেন্ট শুরুর আগে তেমন প্রচারণা ছিল না। দলবদলের জন্যও খুব একটা সময় পায়নি অংশগ্রহণকারী দলগুলো। একটি অনুশীলন সেশন ভরসা নিয়ে ম্যাচ খেলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। তারকাসমৃদ্ধ দল গড়া রাজশাহী স্টারসও পুরোদমে অনুশীলনে নামার সুযোগ পায়নি।
\২০২০ সাল থেকে নারী লীগে নিয়মিত অংশ নিচ্ছে সদ্য পুস্করনি যুব স্পোর্টিং ক্লাব। লীগে অভিষেক হওয়ার পাঁচ বছরেও ক্লাবটি তেমন সাফল্যের ছোঁয়া পায়নি। এবারও গড়পড়তা দল গড়েছে তারা। এই দল নিয়েই আনসার ও ভিডিপি ফুটবল ক্লাবের বিপক্ষে পরীক্ষায় নামবে। আনসার দলেও নেই কোনো চমক। বয়সভিত্তিক ও জেলা দলের নারী ফুটবলারদের নিয়ে খেলবে তারা। একই অবস্থায় কাছারিপাড়া ও সিরাজ স্মৃতি সংঘ দলের। এই দুই ম্যাচের বিপরীতে রাতের ম্যাচটি ঘিরেই সমর্থকদের খানিক উন্মাদনা থাকবে। এই ম্যাচে ফরাজগঞ্জের হয়ে খেলবেন জাতীয় দলের একাধিক তারকা। তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দাদের নিয়ে গড়া দলের সঙ্গে আছেন দুই বিদেশি। নেপাল জাতীয় দলের দুই ডিফেন্ডার পূজা রানা ও সমীক্ষা ঘিমির এবার ফরাশগঞ্জের হয়ে খেলবেন। শক্তিশালী এ দল নিয়ে ঢাকা রেঞ্জার্সকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ফরাশগঞ্জ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: