আফ্রিকা কাপ অব ন্যাশনসে তানজানিয়া প্রথমবার শেষ ষোলোয়
আফ্রিকা কাপ অব ন্যাশনসে (অ্যাফকন) মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ে তানজানিয়া। বিরতি থেকে মাঠে ফিরেই গোল পায তারা। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এতে গ্রুপ ‘সি’ থেকে তৃতীয় সেরা দলের একটি হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে তানজানিয়া
ইতিহাসে এবারই প্রথম অ্যাফকনের শেষ ষোলোয় খেলবে দেশটি। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মরক্কো। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ঠা জানুয়ারি রাতে। ম্যাচের পর তানজানিয়া কোচ জানান, দল প্রস্তুতের জন্য পর্যাপ্ত সময়টুকুও জোটেনি তার। অ্যাফকনে ২০১৯-এ প্রতিযোগীর সংখ্যা বেড়ে ২৪ দলে হওয়ার পর এবারই প্রথম কোনো দল স্রেফ দুই পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দলের একটি হিসেবে পরবর্তী রাউন্ডে উঠলো। উল্লেখ্য, ২০২৭ অ্যাফকন কেনিয়া ও উগান্ডার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে তানজানিয়া। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার মূল পর্বে এখনও জয়ের মুখ দেখেনি দলটি। ১২ ম্যাচে তাদের রেকর্ড ৫ ড্র ও ৭ হার। ইতিহাস গড়ার পর তানজানিয়া কোচ মিগেল গামোন্দি বলেন, ‘দল প্রস্তুতের জন্য আমার পর্যাপ্ত সময় ছিল না। তবে আমরা ব্যবস্থাপনা ও ফেডারেশনের সঙ্গে একসঙ্গে কাজ করেছি এবং আমরা অত্যন্ত গর্ববোধ করছি, শুধু নিজের জন্য নয়, গোটা দেশের জন্য।’ তিনি আরও বলেন, ‘এই যোগ্যতা (শেষ ষোলো) অর্জন তানজানিয়ার জন্য এক বড় শিক্ষা, যা নিয়ে জাতির গর্ব করা উচিত। আমি আশা করি, এটি বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি আগামী প্রজন্মের খেলোয়াড়দের কাছেও তানজানিয়ান ফুটবলের সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দেবে।’
টানা দুই জয়ে এই গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করে নাইজেরিয়া। তাই অন্য ম্যাচে উগান্ডার বিপক্ষে আগের ম্যাচ থেকে আটটি পরিবর্তন এনে একাদশ গড়েন কোচ এরিক শেলে। তবে তাতে পারফর্মেন্সে ভাটা পড়েনি। ১০ জনের উগান্ডার বিপক্ষে সুপার ঈগলরা জয় তুলে নেয় ৩-১ গোলে। এদিন পরিস্থিতির কারণে স্কোয়াডের তিন গোলকিপারকেই খেলাতে হয় উগান্ডাকে। যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি।
‘ডি’ গ্রুপের ম্যাচে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে সেনেগাল। বতসোয়ানার বিপক্ষে একই স্কোরলাইনে জেতা কঙ্গো ডিআর গ্রুপ রানার্সআপ। তানজানিয়ার মতো তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে শেষ ষোলোর টিকিট পায় বেনিনও।
রাবাতে বৃষ্টিভেজা মাঠে তানজানিয়া ডিফেন্ডার ইব্রাহিম আবদাল্লাহর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৪৩তম মিনিটে ইসমাইল ঘারাবির সফল স্পট কিকে এগিয়ে যায় তিউনিসিয়া। এক গোলে লিড নিয়ে বিরতিতে যায় তিউনিসিয়া। মাঠে ফিরে ৪৮তম মিনিটে ফেইসাল সালুমের শট তিউনিসিয়ার গোলকিপার আইমেন দাহমেনের হাত ফসকে জালে জড়ায়। এরপর চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি দু’দল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: