ফের বাফুফেতে কোচ বিপ্লব-সময় বাড়ল ছোটনের
দুই বছর পর ফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোচিং প্যানেলে যুক্ত হলেন জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টচার্য্য।
পাশাপাশি নতুন বছরে আরও তিনজন নতুন কোচ নিয়েছে বাফুফে। সাবেক জাতীয় ফুটবলার আতিকুর রহমান মিশু, আকবর হোসেন রিদনের পাশাপাশি নারী ফুটবলার লিনা চাকমাকে বাফুফে নিয়োগ দিচ্ছে।
আগে বাফুফের গোলকিপার কোচ হিসেবে জাতীয় নারী, পুরুষ দল এবং একাডেমীতে কাজ করেছিলেন। এরপর নিজেই ফেডারেশন ছেড়ে ক্লাব কোচিংয়ে যান। পরবর্তীতে বছর খানিক সক্রিয় কোচিংয়ের সুযোগ পাননি। দুই বছর পর আবারও ফেডারেশনে যোগ দিচ্ছেন। অন্যদিকে আতিকুর রহমান মিশু ফর্টিজ ও ব্রাদার্স ইউনিয়নে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। তৃণমূল ফুটবলে কাজ করতে আগ্রহী হওয়ায় তিনি বাফুফেতে যোগ দিচ্ছেন। সাবেক ফুটবলার লিনা চাকমা নারীদের মধ্যে এ লাইসেন্সধারী। নারী ফুটবল ও ফুটসাল দুই ক্ষেত্রেই তাকে কাজে লাগাতে চায় ফেডারেশন।
এদিকে বাফুফে একাডেমীর প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের চুক্তি ৩১ ডিসেম্বর শেষ হয়। তার চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে বাফুফে। ছোটনের পাশাপাশি ২০২৫ সালে বাফুফেতে কাজ করা ২১ জনের চুক্তিও আরও এক বছর নবায়ন হয়েছে। বাফুফের প্যানেলভুক্ত কোচের সংখ্যা ২০২৬ সালে দাঁড়াচ্ছে ২৫ জনে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: