[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাফ ফুটসাল খেলতে আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন সাবিনারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬ ১৯:০১ পিএম

দক্ষিণ এশিয়ার ফুটসাল। অথচ খেলা হবে থাইল্যান্ডে। পুরুষ ও মহিলা সাফের দুটি খেলাই হবে ব্যাংককে। তাই আগামীকাল দল দুটি রওয়ানা হচ্ছে ব্যাংককের উদ্দেশ্যে। ১৩-২৫ জানুয়ারি মেয়েদের সাফ ফুটসালে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। ১৪-২৬ জানুয়ারি হবে ছেলেদের খেলা।

ব্যাংককে যাওয়ার আগে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেয়েদের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন এটাই দোয়া করি। যেহেতু প্রথমবারের মত সাফ ফুটসালে যাচ্ছি, তাই দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।’ অধিনায়ক যোগ করেন, ‘বাংলাদেশের প্রথম কোনো নারী ফুটবলার হিসাবে আমিই বিদেশের মাটিতে খেলেছিলাম। সেটা কিন্তু ফুটসালেই। যেহেতু নতুন গেম আর দেশের স্বার্থে যাওয়া, তাই যাতে একটি ভালো পজিশনে নিয়ে যেতে পারি সেই দোয়াই করবেন।’

নিজের অভিজ্ঞতা সম্পর্কে সাবিনা আরও বলেন, ‘আমি আগেও ফুটসাল খেলেছি। তাই আমার অভিজ্ঞতা রয়েছে। এখন সেই অভিজ্ঞতা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পালা।’ ফের ফুটবলে যাবেন, নাকি ফুটসালেই থাকবেন এমন প্রশ্নের উত্তরে সাবিনার কথা, ‘ফুটবল-ফুটসাল, আমার যেখানে প্রয়োজন মনে হবে সেখানেই আমাকে ব্যবহার করতে পারবে। দুটো খেলাই আমি পারি। তাই আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।’

দলের ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়ার কথা, ‘ আমি দেড় মাস আগে ঢাকায় এসেছিলাম বাংলাদেশের ফুটসালের উন্নয়নের জন্য। এটাই আমার বড় লক্ষ্য। এখন আমরা সাফে যাচ্ছি। তবে আমার একটি বড় অনুরোধ আছে, আমাদের একটি ফুটসাল স্টেডিয়াম প্রয়োজন। এখন দুটি ন্যাশনাল টিম (নারী ও পুরুষ) প্রস্তুত হচ্ছে, কিন্তু ঢাকার কিছু স্টেডিয়াম থাকা সত্ত্বেও আমরা কেন ট্রেনিং করতে পারছি না, সেটি আমার কাছে বড় প্রশ্ন।’ এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর