অবসরের পর কোচ নয় বরং ক্লাবের মালিক হতে চান মেসি
ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে প্রস্তুতি নেয়ার পাশাপাশি ফুটবল পরবর্তী জীবন নিয়েও নিজের পরিকল্পনা স্পষ্ট করলেন আর্জেন্টাইন এই মহাতারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, অবসরের পর ডাগআউটে কোচ হিসেবে নয় বরং ক্লাবের মালিক হিসেবে ফুটবল উন্নয়নে কাজ করতে চান তিনি।
আর্জেন্টাইন স্ট্রিমিং চ্যানেল ‘লুজু টিভি’-তে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন,‘আমি নিজেকে কোচ হিসেবে দেখি না। আমি বরং (ক্লাব) মালিক হতে বেশি পছন্দ করব। একদম নিচ থেকে শুরু করে নিজের একটি ক্লাব গড়তে চাই। শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়া এবং তাদের বড় কিছু অর্জনে সাহায্য করার বিষয়টিই আমাকে সবচেয়ে বেশি টানে।’
ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেও মেসি ইতোমধ্যে মালিকানার জগতে পা রেখেছেন। তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজের সাথে মিলে উরুগুয়ের চতুর্থ বিভাগের দল ‘দেপোর্তিভো এলএসএম চালু করেছেন। দুই তারকার নামের আদ্যক্ষর নিয়ে গড়া এই ক্লাবে বর্তমানে ৮০ জন পেশাদার কর্মী এবং ৩,০০০ সদস্য রয়েছে।
মূলত উরুগুয়ের ফুটবল প্রতিভাদের সঠিক সরঞ্জাম ও সুযোগ দেয়ার লক্ষ্যেই ২০১৮ সালে সুয়ারেজ এই পারিবারিক স্বপ্নটি দেখা শুরু করেছিলেন, যেখানে পরে যোগ দেন মেসি।
মাঠের বাইরেও ফুটবল উন্নয়নে সক্রিয় হয়ে উঠেছেন এলএমটেন। বিশ্বের নানা প্রান্তের অ্যাকাডেমি টিমগুলোকে নিয়ে তিনি চালু করেছেন অনূর্ধ্ব-১৬ যুব টুর্নামেন্ট ‘মেসি কাপ’। গত ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত এর প্রথম আসরে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট।
মালিকানা বা ফুটবল ব্যবস্থাপনায় আগ্রহ থাকলেও আপাতত মাঠের খেলাতেই মনোযোগ মেসির। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো মেসি বর্তমানে আগামী মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন হিসেবে ইন্টার মায়ামি তাদের ২০২৬ মৌসুমের মিশন শুরু করবে আগামী ২১ ফেব্রুয়ারি, যেখানে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে মাঠে নামবে তারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: