বিশ্বকাপে অফসাইড সিদ্ধান্তে এআই ব্যবহার করবে ফিফা
২০২৬ ফুটবল বিশ্বকাপকে আরও আধুনিক ও নির্ভুল করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক ব্যবহারের ঘোষণা দিয়েছে ফিফা। এবারের আসরে অফসাইড সিদ্ধান্তকে নিখুঁত করতে প্রতিটি খেলোয়াড়ের জন্য তৈরি করা হবে এআইচালিত ‘থ্রিডি অ্যাভাটার’। লেনোভোর সহায়তায় ফিফা এই যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে।
সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তিকে আরও কার্যকর করতে প্রতিটি খেলোয়াড়কে ডিজিটালি স্ক্যান করে একটি নিখুঁত থ্রিডি মডেল বা অ্যাভাটার তৈরি করা হবে। মাত্র এক সেকেন্ডের এই স্ক্যানে শরীরের প্রতিটি অংশের সঠিক মাপ সংরক্ষিত থাকবে। এর ফলে মাঠে খেলোয়াড়রা অত্যন্ত দ্রুতগতিতে থাকলে কিংবা একে অন্যের আড়ালে থাকলেও এআই নিখুঁতভাবে তাদের অবস্থান ট্র্যাক করতে পারবে। এটি ভিএআর (VAR) রেফারিদের দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
এই থ্রিডি মডেলগুলো কেবল রেফারিদের সাহায্যেই সীমাবদ্ধ থাকবে না। ফিফা জানিয়েছে, অফসাইড সিদ্ধান্তের সময় এই থ্রিডি অ্যানিমেশনগুলো সরাসরি টেলিভিশন ব্রডকাস্ট এবং স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। এতে সাধারণ দর্শক ও সমর্থকদের কাছে অফসাইডের বিতর্কিত সিদ্ধান্তগুলো আরও বাস্তবসম্মত ও স্বচ্ছ মনে হবে। গত বছর ইন্টারকন্টিনেন্টাল কাপে ফ্লামেঙ্গো ও পিরামিডস এফসির ম্যাচে এই প্রযুক্তির সফল পরীক্ষা চালানো হয়েছে।
এআই-এর ব্যবহার কেবল মাঠের সিদ্ধান্তে সীমাবদ্ধ থাকছে না। বিশ্বকাপে অংশ নেয়া ৪৮টি দলই লেনোভোর ‘জেনারেটিভ এআই নলেজ অ্যাসিস্ট্যান্ট’ ব্যবহারের সুযোগ পাবে। এই টুলের মাধ্যমে দলগুলো লাখো ডেটা বিশ্লেষণ করে ভিডিও, গ্রাফ ও থ্রিডি ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা করতে পারবে।
উদাহরণস্বরূপ, কোনো দল চাইলে মুহূর্তের মধ্যে তাদের শেষ ১০টি কর্নার কিকের চুলচেরা বিশ্লেষণ দেখে নিতে পারবে। তবে প্রতিযোগিতায় সমতা বজায় রাখতে ম্যাচের চলাকালীন এই টুল ব্যবহার করা নিষিদ্ধ থাকবে; দলগুলো কেবল ম্যাচের আগে ও পরে এটি ব্যবহার করতে পারবে।
ফিফার মতে, বড় দলগুলোর তুলনায় ছোট দলগুলোর অনেক সময় উন্নত প্রযুক্তির অভাব থাকে। এই ‘ফুটবল এআই প্রো’ সিস্টেমটি ব্রাজিল বা ফ্রান্সের মতো শক্তির পাশাপাশি কুরাসাও বা কেপ ভার্দের মতো নতুন দলগুলোর জন্য একই মানের বিশ্লেষণী সুবিধা নিশ্চিত করবে। এ ছাড়া রেফারি ক্যামেরার ফুটেজ উন্নত ও স্থিতিশীল করতেও এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: