[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফুটসাল নিয়ে আশাবাদী অধিনায়ক সাবিনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ২০:০১ পিএম

থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের খেলা। এই টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে থাইল্যান্ডে গেছেন বাংলাদেশের পুরুষ ও নারী ফুটসাল দল।

বাংলাদেশে ফুটসাল খেলাটি এখনো একেবারেই নতুন ও বিকাশমান হলেও এই টুর্নামেন্টের মধ্য দিয়ে নতুন যাত্রার সূচনা করতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার ব্যাংককে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা খাতুন ও ইরানি কোচ সাঈদ খোদারাশি দলের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে কথা বলেন, যেখানে উঠে আসে অভিজ্ঞতার অভাব সত্ত্বেও ভালো করার প্রত্যয়।

ফুটবল মাঠে দীর্ঘদিনের বিচরণ থাকলেও ফুটসালের কোর্টে নিজের নতুনত্ব স্বীকার করে সাবিনা খাতুন বলেন, ‘আমি অনেক বছর ধরেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলছি। তবে ফুটসাল আমার জন্য একেবারেই নতুন। আমি এখানে এসেছি এবং আশা করছি আমরা ফুটসালেও ভালো করব। আমাদের দলটা বেশ ভালো এবং আমি দলকে সাহায্য করব।’ প্রস্তুতির ঘাটতি থাকলেও আশাবাদী অধিনায়ক, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। তবে আমরা সময় খুব কম পেয়েছি এবং ফুটসালে আমরা সবাই নতুন। তবুও আমি আশাবাদী, ইনশাআল্লাহ টুর্নামেন্টে আমরা ভালো করব।’

দেশে ফুটসালের অবকাঠামো না থাকায় দল গঠনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন প্রধান কোচ সাঈদ খোদারাশি। তিনি বলেন, ‘খেলোয়াড় বাছাইয়ের জন্য আমরা প্রায় এক মাসের মতো সময় পেয়েছি। আপনারা জানেন, বাংলাদেশে ফুটসালের প্রচলন নেই, তাই সব খেলোয়াড়ই মূলত ফুটবল থেকে আসা।’ তবে কোচের দৃষ্টি সুদূরে। দক্ষিণ এশিয়ার প্রতিভার ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘শুরুর জন্য প্রতিটি দেশেরই একটি ভালো পরিকল্পনা ও শক্ত ভিত্তি দরকার। আমি আশা করি ভবিষ্যতে সাফের মাধ্যমে দলগুলো আরও এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ একদিন বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে হাঁটবে।’ শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর একে একে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপের মোকাবিলা করবেন সাবিনারা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর