[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইয়ামাল-তরেসে কোপা দেল রের কোয়ার্টারে বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে বিরতির পর দুর্দান্ত খেলল বার্সেলোনা। ফেরান তরেসের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষ কিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন লামিনে ইয়ামাল। রেসিং সান্তান্দেরকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে দ্বিতীয় স্তরের দল রেসিংয়ের মাঠে শেষ ষোলোর ম্যাচে এই জয় পায় শিরোপাধারীরা। এর আগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের তিন দিনের মাথায় মাঠে নেমে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেয় বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি কাতালানদের টানা দশম জয়।

পুরো ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে রেখে বার্সেলোনা নেয় ১৭টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রেসিং ৬টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

স্টেডিয়ামের আশপাশে নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে। সুপার কাপজয়ী বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় স্বাগতিক রেসিং।

লা লিগা-২-এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রেসিং শুরুতেই বার্সেলোনার রক্ষণে চাপ সৃষ্টি করে। নবম মিনিটে সুলেমান কামারার প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক হোয়ান গার্সিয়া। ২১তম মিনিটে গুলিয়াশভিলির শট সরাসরি গোলরক্ষকের হাতে যায়। প্রথমার্ধে এই দুটি শটই ছিল স্বাগতিকদের উল্লেখযোগ্য চেষ্টা।

অন্যদিকে প্রথমার্ধে প্রায় ৮২ শতাংশ পজেশন থাকলেও বড় কোনো সুযোগ তৈরি করতে পারেননি লামিনে ইয়ামাল ও মার্কাস র‍্যাশফোর্ডরা। এই সময়ে বার্সেলোনা ৫টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি। বিরতির ঠিক আগে র‍্যাশফোর্ডের শট ডিফেন্ডারের পায়ে লেগে গোলরক্ষকের হাতে চলে যায়।

বিরতির পর গতি বাড়ায় বার্সেলোনা। ৪৭তম মিনিটে ইয়ামালের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। দুই মিনিট পর ইয়ামালের থ্রু বল পেয়ে ভালো সুযোগ পান র‍্যাশফোর্ড, তবে গোলরক্ষকের বাধায় ব্যর্থ হন। এরপরও আরেকটি শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

৬৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে দারুণ পাস দেন ফের্মিন লোপেস। প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েন ফেররান তরেস। এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল ঠেলে ফাঁকা জালে পাঠান তিনি।

গোলের পর তরেস, র‍্যাশফোর্ড ও দানি ওলমোর বদলে রবার্তো লেভানদোভস্কি, রাফিনহা ও পেদ্রিকে নামান কোচ হ্যান্সি ফ্লিক।

৭৯তম মিনিটে লোপেস ও লেভানদোভস্কির শট ঠেকান রেসিংয়ের গোলরক্ষক। ম্যাচের শেষ দিকে দুইবার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি স্বাগতিকরা।

যোগ করা পাঁচ মিনিটের চতুর্থ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় রেসিং। তবে ওয়ান-অন-ওয়ানে মানেক্স লোসানোর শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গার্সিয়া। পরের মিনিটেই ম্যাচের ফয়সালা করেন ইয়ামাল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে রাফিনহাকে পাস দেন তিনি। সতীর্থের ফিরতি বল পেয়ে কাছ থেকে জাল কাঁপান এই তরুণ তারকা।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো বিলবাও, আলাভেস, আলবাসেতে, অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল বেতিস, রিয়াল সোসিয়েদাদ ও ভ্যালেন্সিয়ার সঙ্গে যোগ দিল বার্সেলোনা।

আগামী রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে ইয়ামাল-রাফিনিয়ারা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর