[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়ে জয় পেল বার্সেলোনা, শীর্ষ আট নিশ্চিত বায়ার্নের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (২১ জানুয়ারি) চেকিয়ার ক্লাব স্লাভিয়া প্রাহার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এদিকে বেলজিয়ামের ক্লাবকে হারিয়ে শীর্ষ আটে থাকা নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। রাতে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে চেলসি ও লিভারপুল।

স্লাভিয়া প্রাহা ২-৪ বার্সেলোনা

স্লাভিয়া প্রাহার মাঠে প্রথমেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর প্রথম হাফেই এগিয়ে যায় তারা। ফেরমিন লোপেজ করেন জোড়া গোল। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লেভান্ডোভস্কির আত্মঘাতী গোলে সমতায় শেষ করে দুই দল।

তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় হ্যান্সি ফ্লিকের দল। ৬৩তম মিনিটে ওলমো প্রথমে লিড এনে দেন। এরপর ৭০তম মিনিটে লেভান্ডোভস্কি গোল করলে বার্সেলোনার জয় নিশ্চিত হয়।

৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ১৩। নবম স্থানে রয়েছে তারা। তাদের ওপরের তিন দল ও নিচের চার দলেরও সমান ১৩ পয়েন্ট করে।

বায়ার্ন মিউনিখ ২-০ ইউএসজি
এদিকে হ্যারি কেইনের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। দুইটি গোলই হয়েছে দ্বিতীয় হাফে। ৫২তম মিনিটে মাইকেল ওলিসের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন কেইন। দুই মিনিট পর আবার আক্রমণে গিয়ে ডি-বক্সে ফাউলের শিকার হন তিনি। নিজেই স্পট কিক নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ স্ট্রাইকার।

৬৩তম মিনিটে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্নের দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জে। সেই সুবিধা অবশ্য একদমই কাজে লাগাতে পারেনি রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইস।

মার্সেই ০-৩ লিভারপুল
সময়টা ভালো যাচ্ছে না লিভারপুলের। তবে এই খারাপ সময়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয় তুলে নিয়েছে স্লটের দল। বুধবার ফরাসি ক্লাব মার্সেইয়ের মাঠে গিয়ে ৩-০ গোলের জয় পায় অল রেডরা।

প্রথম হাফে যোগ করা সময়ে লিভারপুলকে এগিয়ে দেন সোবোসালাই। দ্বিতীয় হাফে প্রতিপক্ষ গোলকিপারের আত্মঘাতী গোল থেকে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। আর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করেন কোডি গাকপো। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে লিভারপুল।

এদিকে আরেক ইংলিশ ক্লাব চেলসি ১-০ গোলে হারিয়েছে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসিকে হারিয়েছে। জয়ে পেয়েছে জুভেন্টাস ও নিউক্যাসল ইউনাইটেডও।

বাকি ম্যাচগুলোর ফল
গালাতাসারাই ১-১ অ্যাতলেটিকো মাদ্রিদ
কারাবাগ ৩-২ ফ্রাঙ্কফুর্ট
আতালান্তা ২-৩ বিলবাও
জুভেন্টাস ২-০ বেনফিকা
নিউক্যাসল ৩-০ পিএসভি

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর