[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাফ ফুটসাল থেকে রাহবারদের বিদায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

সাফ ফুটসালে মেয়েরা যখন শীর্ষে, তখন বিদায় নিয়েছে ছেলেরা। টানা দুই জয়ের পর হারের বৃত্তে বাংলাদেশের পুরুষ দল।

বৃহস্পতিবার ব্যাংককের নানথাবুড়ি জিমন্যাশিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও শেষ মুহূর্তের নাটকীয় ধসে ৫-১ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজদের। মূলত ফিনিশিংয়ের দুর্বলতা আর ম্যাচের অন্তিম সময়ে রক্ষণভাগের মনোযোগ হারানোই এই বিপর্যয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ। মুহুর্মুহু আক্রমণে পাকিস্তানের রক্ষণকে ব্যস্ত রাখলেও গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো ১৮ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে বসে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে আলী আগার এক বুলেট গতির শটে লিড নেয় পাকিস্তান, যা তাদের ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার সুযোগ করে দেয়। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ রক্ষণে কিছুটা আলগা হয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাকিস্তানের জায়েদ উল্লাহ খান।

৩৬ মিনিটে আশকার আহমেদ মুসাদিকের গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে ফিরে আসার জোরালো ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষ চার মিনিটে বাংলাদেশের রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৩৮ মিনিটে সালার আহমেদ খান স্কোরলাইন ৩-১ করেন। আর ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে আরও দুই গোল হজম করে ৫-১ ব্যবধানের বিশাল হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানের গোলকিপার আলী আগা বদলি হিসেবে নেমে শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে স্কোরবোর্ডে নাম তোলেন। এই হারের পর পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে বাংলাদেশ। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান এবং অপরাজিত থেকে শীর্ষে মালদ্বীপ। এরফলে কার্যত সাফ ফুটসাল থেকে বিদায় নিয়েছে রাহবারের নেতৃত্বে লাল সবুজের ছেলেরা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ শনিবার নেপালের বিপক্ষে।

অন্যদিকে পুাংষ দল হোঁচট খেলেও সাফে দুর্দান্ত ছন্দে আছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশের নারী ফুটসাল দল। শুক্রবার বিকেল তিনটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। এখন পর্যন্ত চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বাঘিনীরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর