নারী লিগে শিরোপার পথে রাজশাহী
নারী লিগে ফরাশগঞ্জ ও রাজশাহী স্টার্স- সমানে সমান। তাই দুই দলের লড়াই ছিল শিরোপা দ্বৈরথের। সেই লড়াইয়ে জিতে শিরোপার পথে পা দিয়ে রাখল রাজশাহী।
শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়ে দেয় রাজশাহী। মূলত পুরান ঢাকার ধলটির গোলকিপার ইয়ারজান বেগমের ভুলেই সর্বনাশ হয়েছে উত্তরবঙ্গের দলটির। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন আলপি আক্তার। এ নিয়ে চলমান লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়ালো ২০-এ। তার উপরে ২২ গোল রয়েছে কেবল শামসুন্নাহার জুনিয়রের। লিগে এটিই ফরাশগঞ্জের প্রথম হার। অন্যদিকে অপরাজিত থেকে সপ্তম রাউন্ড শেষ করল মাহমুদা শরীফা অদিতির দল রাজশাহী স্টার্স।
সাত ম্যাচে শতভাগ জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী। সমান ম্যাচে ৬ জয় এবং এক হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ফরাশগঞ্জ। এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব লিমিটেডের। দুইয়ে থাকা আর্মির মেয়েরা ফরাশগঞ্জের বিপক্ষে হেরেছে। লিগের বাকি আরও তিন রাউন্ড। সামনের তিন ম্যাচ জিতলে রাজশাহীর চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে তাদের এই তিন ম্যাচের মধ্যে একটি আবার আর্মির বিপক্ষে। যাদেরকে ১-০ গোলে হারাতে বেগ পেতে হয়েছিল ফরাশগঞ্জকে। ওই ম্যাচে কোনো অঘটন না ঘটলে শিরোপা উল্লাস করবে নারী লিগের নবাগত দল রাজশাহী স্টার্স। কেননা লিগ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দলটিই হবে চ্যাম্পিয়ন। ফরাশগঞ্জেরও বাকি তিন ম্যাচ। তবে তিনটিতে জিতলেও হবে না, তাদের তাকিয়ে থাকতে হবে রাজশাহী ও আর্মির মধ্যকার ম্যাচের দিকে। ওই ম্যাচের ফলাফলের ওপর ঝুলে আছে ফরাশগঞ্জের শিরোপা স্বপ্ন।
এদিন একমাত্র গোল করে আলপি আক্তার বলেন, ‘অবশ্যই খুব ভালো লাগছে, কারণ এই ম্যাচটি জিতলে শিরোপা জেতার সুযোগ আছে। আমরা প্রতিটি ম্যাচে জয়ের জন্য নেমেছি, আজকেও তাই। শেষ পর্যন্ত জিততে পেরে খুশি।’ আলপির দলে খেলেন ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, শিউলি আজিমদের মতো তারকা ফুটবলার। তাঁদের সামনেই নিয়মিত পারফর্ম করছেন বয়সভিত্তিক দলের হয়ে খেলা আলপি। তিনি বলেন, ‘সিনিয়রদের সামনে পারফর্ম করতে পারলে আলাদা ভালো লাগা কাজ করে। আজকেও ভালো করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’
ম্যাচে পিছিয়ে পড়ার পর ফরাশগঞ্জের দুই মিডফিল্ডার মারিয়া মান্দা ও মনিকা চাকমা একের পর এক আক্রমণের চেষ্টা করেছেন। যদিও তারা কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। এই পরাজয়ে শিরোপার স্বপ্ন অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে ফরাশগঞ্জের। দলটির অধিনায়ক মারিয়া বলেন, ‘আসলে কিছু করার নেই, আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি। জানেন একটা ভুলে গোল হয়ে যায়, সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারিনি। এখন সামনে তাকাতে চাই। পরের ম্যাচগুলো জিততে চাই, এরপর দেখা যাক কি হয়।’
এই অবস্থায় নিজেদের ম্যাচ জয়ের পর অন্য দলের দিকে তাকিয়ে ছাড়া কিছু করার নেই ফরাশগঞ্জের। লিগে ১৩ গোল করেছেন মারিয়া। সামনে মেয়েদের এএফসি এশিয়ান কাপ বাছাই। সেই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি কেমন হচ্ছে জানতে চাইলে বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। তবে যেহেতু আমরা জাতীয় দলের সবাই এক দলে নেই, আমাদের মধ্যে সেই বোঝাপড়াটা হচ্ছে না। প্রীতি ম্যাচ খেললে সেটা হতো। তবে লিগের আগের যে কোনো সময়ের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। অনেক কঠিন ম্যাচ হচ্ছে। এটা আমাদের ভালো, যত কঠিন ম্যাচ খেলব ততই প্রস্তুতি ভালো হবে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: