সাবিনা-মাসুদের আরেক সাফ জয়ের সুযোগ কাল
দেশের নারী ফুটবলের কিংবদন্তী সাবিনা খাতুন। তাঁর অধিনায়কত্বে পরপর দুবার সাফ শিরোপা জিতেছে বাংলাদেশ। আরেকটি সাফ জয়ের দ্বারপ্রান্তে তাঁর দল। তবে এবার ফুটবলের নয়, দেশের হয়ে ফুটসালের ভূমিকায় ৩২ বছর বয়সী এই ফুটবলার।
দক্ষিণ এশিয়া অঞ্চলে এবারই প্রথমবারের মতো হচ্ছে এই প্রতিযোগিতা (সাফ নারী চ্যাম্পিয়নশিপ)। বাংলাদেশ সেখানে অংশ নিয়ে খেলেছে পাঁচ ম্যাচ। লিগ ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭ দলের মধ্যে ভুটানের সঙ্গে অপরাজিত বাংলাদেশ। বাংলাদেশের এক ম্যাচ ড্রয়ের বিপরীতে ভুটান পয়েন্ট হারিয়েছে দুই ম্যাচে। যে কারণে ভুটানের (১১) চেয়ে দুই পয়েন্ট এগিয়ে লাল সবুজের মেয়েরা (১৩)।
নারী সাফ ফুটসালের নিয়মানুযায়ী লিগ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল পাবে শিরোপা। আগামীকাল লিগের ম্যাচে মাঠে নামবে দলগুলো। বাংলাদেশের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মালদ্বীপ। পাঁচ ম্যাচ খেলে যারা কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি। তাদের বিপক্ষে বাংলাদেশের জয়টা অনেকটা প্রত্যাশিতই।
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বেলা ২টায়। এই ম্যাচে জিতলে কোনো সমীকরণের দিকে তাকাতে হবে না। চ্যাম্পিয়নের মুকুট পরবে সাইদ খোদারাহমির দল। কিন্তু বাংলাদেশ হেরে গেলে এবং দিনের পরের ম্যাচে ভুটান নেপালকে হারালে চ্যাম্পিয়ন হবে ভুটানই। তবে ভুটান-নেপাল ম্যাচে ড্র হলে ভাগ্য খুলে যাবে বাংলাদেশের। সেক্ষেত্রে হারলেও চ্যাম্পিয়ন বাংলাদেশই।
তবে কোনো সমীকরণের ফাঁদে পড়তে চাইবে না বাংলাদেশ। প্রতিযোগিতায় একটি ম্যাচেই ভুটানের সঙ্গে ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচে জোড়া গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরেন সাবিনারা। আগামীকাল তুলনামূলক খর্ব শক্তির মালদ্বীপকে হারাতে চাইবে বাংলাদেশ। তাতেই ফুটসাল এবং ফুটবল মিলিয়ে তিনটি সাফ জয়ের পাশে নাম লেখা থাকবে সাবিনা, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকারদের। বাংলাদেশের হয়ে এই দলে আছেন সুমাইয়া মাতসুশিমা, নওশন জাহান নিতি, স্বপ্না আক্তার জিলি, লিপি ও নিলুফা ইয়াসমিন নিলা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: