[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইয়ামালের চোখ ধাঁধানো গোলে আবারও শীর্ষে বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ০৮:০১ এএম

ভিয়ারিয়ালকে হারিয়ে সাময়িকভাবে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বার্সেলোনা। তরুণ তারকা লামিনে ইয়ামালের চোখ ধাঁধানো গেলো রিয়াল ওভিয়েদোকে ৩–০ গোলে হারিয়ে আবারও লা লিগার শীর্ষস্থান দখল করেছে কাতালানরা। রোববার (২৫ জানুয়ারি) রাতের এই ম্যাচে কাতালানদের হয়ে ইয়ামাল ছাড়াও গোল করেন দানি ওলমো এবং রাফিনিয়া।

রিয়াল মাদ্রিদ সাময়িকভাবে শীর্ষে উঠেছিল ভিয়ারিয়ালকে হারিয়ে। তবে ওভিয়েদোর বিপক্ষে জয়ের মাধ্যমে এক পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সা।

টেবিলের তলানিতে থাকা ওভিয়েদোর এটি ছিল মৌসুমের মাত্র তৃতীয় হার। মাত্র দুই জয়ের দল হলেও হ্যান্সি ফ্লিকের শিষ্যদের প্রথমার্ধে বেশ ভুগতে হয়। প্রথমার্ধে বার্সার পাসিং ছিল অস্বাভাবিকভাবে এলোমেলো। চোটের কারণে মিডফিল্ডের মূল ভরসা পেদ্রি গনসালেস গ্যালারিতে বসে খেলা দেখেন। তার মুখেও ছিল অসন্তুষ্টির ছাপ।

কাউন্টার অ্যাটাকে সুযোগ খুঁজছিল ওভিয়েদো। হাইসম হাসানের দূরপাল্লার শট ঠেকাতে ভালো সেভ দেন বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়া। অন্য প্রান্তে বিরতির আগে রাফিনিয়ার শট কাছের পোস্টে ঠেকান ওভিয়েদো গোলরক্ষক অ্যারন এসকানদেল।

দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে মাঠে নামে বার্সেলোনা এবং দ্রুতই লিড নেয়। ইয়ামাল ও রাফিনিয়ার প্রেসের পর বল পেয়ে যান দানি ওলমো। নিখুঁত ফিনিশে গোল করেন তিনি। ৫৭ মিনিটে রক্ষণভাগের ভুলে দ্বিতীয় গোল হজম করে ওভিয়েদো। ডেভিড কস্তাসের দুর্বল ব্যাক-পাস ধরে রাফিনিয়া বল তুলে দেন এসকানদেলের মাথার ওপর দিয়ে।

তৃতীয় গোলটি ছিল ম্যাচের সেরা মুহূর্ত। ওলমোর ক্রস একটু পেছনে পড়ে যাচ্ছিল, সেখান থেকেই পাশ ঘেঁষে দুর্দান্ত সিজার-কিক ভলিতে গোল করেন তরুণ ইয়ামাল।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর