[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভুটানের জালে ডজন গোল বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১৭:০১ পিএম

সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে অন্যতম ফেভারিট দল বাংলাদেশ। যাত্রাটাও চমৎকার। শনিবার নেপালের পোখরায় নিজের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। ম্যাচে দুটি হ্যাটট্রিক করেছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী।

বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশের গোল পেতে সময় লেগেছে। ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। মামনি চাকমার কর্নার সরাসরি আশ্রয় নেয় জালে। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ে। সৌরভি আকন্দর ক্রসে মামনির বাড়িয়ে দেওয়া বলে তৃষ্ণা রানী আলতো টোকায় জড়িয়ে দেন জালে। পরের মিনিটে মুনকি আক্তার তৃতীয় গোল করে ভুটানকে ম্যাচ থেকে ছিটকে দেন। একক প্রচেষ্টায় বল নিয়ে পোস্টে ঢুকে এগিয়ে আসা গোলকিপারের পাশ থেকে নিখুঁত ফিনিশ করেন মুনকি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশ চতুর্থ গোলের দেখা পায়। পূজা দাসের ক্রসে মুনকি আক্তার বলের নিয়ন্ত্রণ নিয়ে দারুণ ফিনিস করেন। ৫৪ মিনিটে তৃষ্ণা রানী জোরালো শট জাল কাঁপিয়ে পঞ্চম গোল এনে দেন। মিনিট ছয়েক পর তৃষ্ণা রানী হ্যাটট্রিক করেন। গোলকিপারের ওপর দিয়ে তার শটে বল জালে জড়ায়। ৭৩ মিনিটে এক ডিফেন্ডারের পা থেকে বল ছিনিয়ে নিয়ে দলকে সপ্তম গোল উপহার দেন আলপি আক্তার।

৮১ মিনিটে গোলকিপারকে ফাঁকায় পেয়ে মুনকি আক্তার স্কোরলাইন ৮-০ করেন। মিনিট পাঁচেক পর আলপি আক্তার আবারও গোল করলে ব্যবধান বড় হতে থাকে। যোগ করা সময়ে মুনকি আক্তার স্কোরলাইন আরও বাড়িয়ে দেন। একটু পর অর্পিতা বিশ্বাস দলের হয়ে ১১তম গোল করেন। একদম শেষ দিকে আলপি আক্তার গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন। সোমবার বাংলাদেশ পরের ম্যাচ ফেলবে ভারতের বিপক্ষে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর