[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নাটকীয় জয়ে ইউনাইটেডের তিনে তিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় এক ম্যাচে ফুলহ্যামকে ৩–২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ করা সময়ের একেবারে শেষদিকে বেঞ্জামিন সেস্কোর গোলেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে এই নিয়ে টানা ৩ জয় পেল ইউনাইটেড।

এই জয়ের ফলে ৪১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের আগে তারা ম্যানচেস্টার সিটি ও শীর্ষে থাকা আর্সেনালকেও হারিয়েছিল। অন্যদিকে হেরে ফুলহ্যাম নেমে গেছে অষ্টম স্থানে।

ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ইউনাইটেড। ১৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ফ্রি–কিক থেকে হেডে গোল করেন কাসেমিরো। ৫৬তম মিনিটে ম্যাথেউস কুনহার গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

তবে শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফুলহ্যাম। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে রাউল হিমেনেস গোল করে ব্যবধান কমান। এরপর ৯১তম মিনিটে কেভিনের জোরালো শটে সমতাসূচক গোল পেয়ে উদ্‌যাপন শুরু করে সফরকারীরা।

কিন্তু নাটক তখনও বাকি ছিল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ক্যালভিন বাসিকে কাটিয়ে বল বাড়িয়ে দেন বক্সে থাকা সেস্কোর কাছে। স্লোভেনিয়ান ফরোয়ার্ড দুর্দান্ত শটে বল জড়ান জালের ওপরের কোণে, আর তাতে উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্র্যাফোর্ড।

এদিকে, রাতের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারায়। তবে ম্যানচেস্টার সিটিকে ২-২ গোলে রুখে দিয়েছে টটেনহ্যাম। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৪৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা। তারপরই ইউনাইটেড।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর