সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশ না ভারত শিরোপা কার?
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ আরও একবার রোমাঞ্চকর সমাপ্তির দিকে। শিরোপা নির্ধারনী লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামীকাল দুপুর ৩টায় নেপালের পোখরা রঙ্গশালায় শিরোপার জন্য মুখোমুখি হবে এই দুই দল।। সাম্প্রতিক বছরগুলোতে এই টুর্নামেন্টের সমীকরণ মানেই বাংলাদেশ বনাম ভারত, তবে এবারের লড়াইয়ের প্রেক্ষাপট ও গুরুত্ব একটু বেশিই ভিন্ন।
২০২৪ সালের সেই নাটকীয় ফাইনালের ঠিক এক বছর পর আবারও এই টুর্নামেন্ট ফিরেছে। গতবার ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারেও ১১-১১ সমতায় ছিল। যার ফলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। তবে এবার আর ট্রফি ভাগাভাগির কোনো সুযোগ নেই।
গ্রুপ পর্বে ভারতকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফাইনালে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকলেও, প্রধান কোচ পিটার বাটলার চাইছেন তার খেলোয়াড়রা যেন অতিরিক্ত আত্মতুষ্টিতে না ভুগে মাঠের খেলায় মনোযোগী থাকে। কোচের কথা, ‘আমরা অনুশীলনের মাত্রা যতটা সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করেছি। কারণ অনুশীলনের মাঠটি খেলার উপযুক্ত নয়। অন্যান্য দেশগুলোও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দুর্ভাগ্যবশত আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছে। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো একটি সুস্থ দল মাঠে নামানো। তাদের সুস্থতা আমার কাছে সবার আগে।’ তিনি যোগ করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেয়েদের মাটিতে পা রাখা, বিনয়ী থাকা এবং আমাদের ফুটবল দিয়েই মাঠের জবাব দেওয়া।’
গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে দিলেও ফাইনালে তারা অনেক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে মনে করেন বাটলার। তিনি বলেন, ‘ওরা (ভারত) কীভাবে খেলবে সে সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কিছু মেধাবী খেলোয়াড় আছে। আমাদের সেরা ফর্মে থাকতে হবে, একদম সতেজ ও প্রস্তুত। আর সবচেয়ে বড় কথা, আমাদের তাদের আবারও হারাতে হবে।’
ইনজুরির কারণে পুরো টুর্নামেন্টে বাটলারকে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে, গত ম্যাচগুলোতেও তিনি সাত-আটটি পরিবর্তন এনেছেন। তার মতে, শনিবারের ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তিই বড় পার্থক্য গড়ে দেবে। তিনি মনে করেন, এই ম্যাচ থেকেই বোঝা যাবে কোন খেলেয়াড়রা ভবিষ্যৎ এশিয়ান কাপের মতো বড় মঞ্চের জন্য প্রস্তুত।
অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে এর আগে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ২০২১ সালে বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল। পরের বছর তারা যৌথভাবে ট্রফি জিতেছিল। শনিবারের এই ম্যাচটি বাংলাদেশের সামনে সুযোগ করে দিচ্ছে এককভাবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: