২০২৬ ফুটবল বিশ্বকাপ
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে বেসক্যাম্প ঘোষণা বিশ্বজয়ী আর্জেন্টিনার
হাতে স্বর্গ পাওয়ার সেই রূপকথা এখন স্মৃতি। তবে বিশ্বজয়ের উচ্ছ্বাস এখনও ফিকে হয়নি আর্জেন্টিনার ফুটবলে। কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর পর আলবিসেলেস্তেদের চোখ এবার নতুন মিশনে ২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখা।
সেই লক্ষ্যেই প্রস্তুতির প্রথম আনুষ্ঠানিক ধাপ হিসেবে নিজেদের বেসক্যাম্পের নাম ও অবস্থান ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আসন্ন ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে নিজেদের প্রধান ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টুর্নামেন্ট চলাকালীন লিওনেল মেসিদের ঠিকানা হবে কানসাস সিটির ‘কম্পাস মিনেরালস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার’। এখান থেকেই অনুশীলন, ম্যাচের প্রস্তুতি এবং লজিস্টিক কার্যক্রম পরিচালনা করবে লিওনেল স্কালোনির দল।
এই পারফরম্যান্স সেন্টারটি মূলত মেজর লিগ সকারের ক্লাব স্পোর্টিং কানসাস সিটির প্র্যাকটিস গ্রাউন্ড। এখানে রয়েছে আন্তর্জাতিক মানের একাধিক ট্রেনিং পিচ, আধুনিক জিম, রিকভারি ও মেডিক্যাল সুবিধা যা বিশ্বকাপের মতো দীর্ঘ ও ক্লান্তিকর টুর্নামেন্টে দলের জন্য বড় সহায়ক হবে বলে মনে করছে এএফএ।
বেসক্যাম্প হিসেবে কানসাস সিটিকে বেছে নেয়ার পেছনে রয়েছে কৌশলগত নানা কারণ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এখান থেকে বিভিন্ন ভেন্যুতে যাতায়াত তুলনামূলক সহজ। পাশাপাশি শহরটি কম জনবহুল, যানজট কম এবং আবহাওয়া অনুশীলনের জন্য সহনীয় যা খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এসব দিক বিবেচনায় নিয়েই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এই শহরকে নিজেদের দুর্গ হিসেবে চূড়ান্ত করেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে দলের বাসস্থান ও চূড়ান্ত অনুশীলন সূচি ঘোষণা করা হয়নি।
গ্রুপপর্বে কানসাস সিটির বিখ্যাত অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। নিজ শহরে ক্যাম্প স্থাপন করায় এই ম্যাচে বাড়তি সুবিধা পাবে মেসিরা। এরপর গ্রুপের বাকি দুই ম্যাচে অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা।
যদিও ফিফা এখনো দল ঘোষণার সময়সূচি কিংবা ভেন্যুতে দলগুলোর পৌঁছানোর নির্দিষ্ট সময় নির্ধারণ করেনি, তবে ধারণা করা হচ্ছে জুনের শুরুতেই উত্তর আমেরিকায় প্রস্তুতি সফর শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে তাদের। এর বাইরে ২৭ মার্চ স্পেনের বিপক্ষে বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি বিশ্বকাপ প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছে আর্জেন্টিনা শিবির।
সব মিলিয়ে মে মাসে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করতে পারে এএফএ। আর তার আগেই কানসাস সিটির ঘাঁটি থেকে শুরু হয়ে যাবে শিরোপা রক্ষার স্বপ্ন বুননের পথচলা, যেখানে নেতৃত্বে থাকবেন লিওনেল মেসি, আর পাশে থাকবে পুরো আর্জেন্টিনার প্রত্যাশা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: