[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দাপুটে জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০২ এএম

স্প্যানিশ লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপা ধরে রাখার মিশনে এবারও দোর্দণ্ড প্রতাপে ছুটছে কাতালানরা। সবশেষ মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চার পয়েন্টে নিয়ে গেছে লিগে শীর্ষে থাকা হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঘরের মাঠ ক্যাম্প ন্যু স্টেডিয়ামে খেলতে নেমেছিল বার্সেলোনা। প্রথমার্ধে রবার্ট লেভানডফস্কির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করেন লামিনে ইয়ামাল। আর ম্যাচের নির্ধারিত সময়ের আগেই তৃতীয় গোলটি করেছেন তরুণ মিডফিল্ডার মার্ক বের্নাল।

বার্সেলোনার ধীর গতির শুরুতে আক্রমণে গতি আনেন মার্কাস রাশফোর্ড। তবে কাঙ্খিত জালের দেখা পাননি এই ফরোয়ার্ড। অবশেষে ২৯ মিনিটে দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। রাশফোর্ডের শট ভালোভাবে ঠেকাতে পারেননি মায়োর্কার গোলকিপার। ফিরতি বলে গোল করেন পোলিশ তারকা।

বিরতির আগেই গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন লামিন ইয়ামাল। রাশফোর্ডের ফ্রি-কিকও ঠিক কোনোমতে ফিরিয়ে দেন মায়োর্কার গোলকিপার। ফিরতি বলে গোল করার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

প্রথমার্ধে করা নিজের ভুল বিরতিতে থেকে ফিরেই পুষিয়ে নেন ইয়ামাল। ৬১ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। জোড়া গোল হজমের পরেও মায়োর্কা আক্রমণ করে গেছে। কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। উল্টো ৮৩ মিনিটি বের্নালের গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ জয়ের পর ২৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫৮। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেটিকো মাদ্রিদ।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর