ইউনাইটেডের টানা চতুর্থ জয়, শিরোপার আরও কাছে আর্সেনাল
এমন ম্যানচেস্টার ইউনাইটেডকেই তো দেখতে চান দলটির সমর্থকেরা! কোচ মাইকেল ক্যারিকের ছোঁয়ায় যেন বদলে গেল দলটা। নতুন এই কোচের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেলো টানা চার ম্যাচে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।
এদিন ম্যাচের শুরু থেকেই টটেনহামকে চেপে ধরে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শুরুর ৩৫ সেকেন্ডের মধ্যে দারুণ সুযোগ পায় ব্রায়ান এমবুমো। তবে ডি-বক্সে ফাঁকায় থেকে কোনাকুনি শট উড়িয়ে মারেন তিনি। একাদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ক্যাসেমিরোর জোরাল শট ঝাঁপিয়ে আটকে দেন টটেনহ্যাম গোলরক্ষক।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৩০ মিনিটের মাথায়। আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় টটেনহ্যাম। ডি-বক্সের একটু দূরে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোকে বিপজ্জনক ফাউল করেন তিনি। তাতে দশ জনের দল হয়ে যাওয়া টটেনহাম পিছিয়ে পড়ে একটু পরেই।
৩৮ মিনিটে কর্নার থেকে সাজানো এক আক্রমণে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রায়ান এমবুমো। সতীর্থের কাটব্যাক ফাঁকায় পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ক্যামেরুনের ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে আরও দুবার জালে বল পাঠায় ইউনাইটেড। তবে দুবারই অফসাইডের কারণে বাতিল হয় গোল।
এরপরেও ইউনাইটেডের রক্ষণে ফাটল ধরাতে পারেনি টটেনহ্যাম। উল্টো ৮১তম মিনিটে আরেক গোল হজম করে তারা। ডান দিক থেকে ডি-বক্সে ক্রস বাড়ান দিয়েগো দালোত, মাথা ছোঁয়ানোর চেষ্টায় ব্যর্থ হন বেনিয়ামিন সেসকো। তবে ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে প্রথম ছোঁয়ার শটে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেজ।
এই জয়ের পর পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল ম্যান ইউনাইটেড। তাতে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ খেলা এখন ইউনাইটেডের হাতের নাগালে। ২৫ ম্যাচে ১২ জয় ও আট ড্রয়ে প্রিমিয়ার লিগের সফলতম এই দলটির পয়েন্ট ৪৪। ২৫ ম্যাচে দশম হারের পর ২৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে টটেনহ্যাম।
আর্সেনাল ৩-০ সান্দারল্যান্ড
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ভিক্টর গিওকেরেস জোড়া গোলে সান্দারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে শিরোপা প্রত্যাশী আর্সেনাল। এই জয়ে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল গানার্সরা। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক তিন মিনিট আগে মার্টিন জুবিমেন্দি দুর্দান্ত এক দূরপাল্লার গোলে মিকেল আর্তেতার দলকে এগিয়ে দেন।
খেলার এক ঘণ্টা পার হওয়ার পর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র ছয় মিনিটের মাথায় গিওকেরেস স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর যোগ করা সময়ের একেবারে শেষ দিকে তিনি আর্সেনালের হয়ে পাল্টা আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন।
পেপ গার্দিওলার সিটির সামনে এখন লক্ষ্য হলো আর্সেনালের এই ব্যবধান কমিয়ে ছয়ে নামিয়ে আনা, তবে তার আগে তাদের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অন্যদিকে, বোর্নমাউথের সাথে ১-১ গোলে ড্র করার পর অ্যাস্টন ভিলা এখন শিরোপার লড়াই থেকে নয় পয়েন্ট পিছিয়ে গেল।
আর্সেনালের এই জয় তাদের ২২ বছরের লিগ শিরোপার অপেক্ষা শেষ করার মিশনে বেশ এগিয়ে রাখল। বাকি ১৩টি ম্যাচ থেকে আরও ৩৯ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে তাদের। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট আর্সেনালের। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। একই পয়েন্ট নিয়ে তৃতীয় ভিলা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: