ব্রাজিলের হেক্সা মিশনে ১১ জনের জায়গা নিশ্চিত, নেইমার কি আছেন?
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের আর মাত্র চার মাস বাকি। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই বৈশ্বিক আসরের জন্য সব দলই এখন প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। লাতিন আমেরিকার সবচেয়ে সফল দল ব্রাজিলও ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর থেকে দলকে নতুন করে গড়ে তুলছেন, আর এখন স্কোয়াডের বড় অংশ প্রায় চূড়ান্ত।
গত সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এক অনুষ্ঠানে ৬৬ বর্ষী আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপের জন্য চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণার আগে এখনও কিছু পজিশনে ভাবনা চলছে। গত বছরের জুনে দায়িত্ব নেয়ার পর আট মাসেরও বেশি সময় ধরে তিনি খেলোয়াড়দের পারফরম্যান্স ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন। এর ফলে অনেকের বিশ্বকাপের স্কোয়াডে জায়গা প্রায় পাকা হয়ে গেছে।
ইএসপিএন ব্রাজিলের খবর, আগামী মে মাসে বিশ্বকাপের জন্য ২৬ জনের যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি, তার মধ্যে ১১ জনের জায়গা প্রায় নিশ্চিত। যেখানে আছেন গোলকিপার অ্যালিসন বেকার, ডিফেন্ডার মারকিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালিয়াঁইস; মিডফিল্ডার কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস; আক্রমণভাগ ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, রাফিনিয়া, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া ও গ্যাব্রিয়েল মার্তিনেলি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, চোট বা অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটলে তারা হেক্সা মিশনে ব্রাজিল দলে থাকবেন। বাকি ১৫ জনের জন্য লড়াই চলছে। স্কোয়াডের পরিকল্পনা অনুযায়ী থাকবে ৩ জন গোলকিপার, ৪ জন ফুলব্যাক, ৫ জন সেন্টারব্যাক, ৪-৫ জন মিডফিল্ডার এবং ৯-১০ জন ফরোয়ার্ড।
গোলকিপারে অ্যালিসনের ব্যাকআপ হিসেবে বেন্তো বা হুগো সুজার মধ্যে একজনকে নেয়া হতে পারে। ডিফেন্সে এদার মিলিতাও, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্সসান্দ্রোসহ কয়েকজনের জায়গা প্রায় পাকা। লেফটব্যাকে কার্লোর প্রথম পছন্দ অ্যালেক্স সান্দ্রো, তবে ডগলাস সান্তোস ও কাইও হেনরিকও দারুণ ফর্মে আছেন। সেন্টারব্যাকে বাঁ-পায়ের ডিফেন্ডার খুঁজছেন আনচেলত্তি- ফ্লামেঙ্গোর লেও পেরেইরা এখন তার নজরে।
ফুল-ব্যাক পজিশনে সবচেয়ে বেশি প্রতিযোগিতা। মিলিতাওয়ের ফিটনেসের ওপর নির্ভর করছে অনেক কিছু, আর ভ্যান্ডারসনকেও সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। আক্রমণে চমক হতে পারে। রিচার্লিসনের সম্ভাবনা কমে গেছে। ৯ নম্বর পজিশনে ম্যাথেউস কুনিয়ার সঙ্গে লড়াই করছেন গ্যাব্রিয়েল জেসুস, এন্দ্রিক, জোয়াও পেদ্রো ও লুইজ হেনরিক। তবে সবচেয়ে বড় প্রশ্নটা অবশ্য নেইমারকে নিয়ে।
চোটের অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকা এই ৩৪ বছরের তারকা শিগগিরই মাঠে ফিরবেন বলে আশা। আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, নেইমারকে দলে নিতে হলে তাকে শতভাগ ফিট হতে হবে। অনেকেই মনে করেন, এই ‘রাজপুত্র’ যদি ফিরে আসেন, তাহলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পথ অনেক সহজ হয়ে যাবে। এখন নেইমার স্কোয়াডে ফিরতে পারেন কি না, সেটাই দেখার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: