আলপি আক্তার: গোলকিপার থেকে গোলমেশিন
খেলার মাঠে সব্যসাচি আলপি আক্তার। কতশত খেলা যে সে খেলেছে, তার কোন ইয়ত্তা নেই। এক সময় গোলকিপার আলপি এখন দেশের গোলমেশিন। দেশের ঘরোয়া আসরে হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক করেছেন। সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করেন। হয়েছেন সেরা গোলদাতা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। এক সময় গোলকিপার আলপি এখন বয়সভিত্তিক দলের গোলমেশিন।
বয়কাট চুল। পরনেও ছেলেদের মতো পোশাক। মাঠে ছোটাছুটির কারণে আলপি আক্তারের বাবা আতাউর রহমানকে শুনতে হয়েছে মানুষের কটু কথা। হাটবাজারে বা পথেঘাটে কেবল আলপি আক্তারের বাবাকেই নয়, বাড়িতে তার মাকেও শুনতে হয়েছে মানুষের নানারকম কথা। প্রাথমিক বিদ্যালয়ে টু-থ্রিতে পড়ার সময় থেকে দৌড়, লাফসহ নানা ধরণের খেলায় অংশ নিতো। ছেলেদের সঙ্গে ফুটবলও খেলতো। উচ্চলম্ফে অনেক ভালো করতো। রাজশাহী বিভাগীয় পর্যায়ে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। দৌড়, হাইজাম্ফ, লংজাম্ফসহ বিভিন্ন খেলায় ওর ১৭-১৮ টা সার্টিফিকেট আছে।
সেই আলপি আক্তার নামটি এখন দেশের ক্রীড়াঙ্গনে খুবই পরিচিত। চলমান নারী ফুটবল লিগ ও সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়ে ফুটবল অঙ্গনে সাড়া ফেলেছেন এই কিশোরী। নারী লিগের গত আসরে রাজশাহী সিরাজ স্মৃতি সংসদের হয়ে খেলে এক হ্যাটট্রিকসহ ১১ গোল করেছিলেন আলপি আক্তার। চলমান লিগে রাজশাহী স্টারসের জার্সিতে তিন হ্যাটট্রিকসহ ২৫ গোল করে গোল্ডেনবুটের লড়াইয়ে আছেন সবার ওপরে। সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ১৮ গোলের ৭টিই করেছেন আলপি আক্তার। হ্যাটট্রিক করেছেন দুটি।
অথচ পঞ্চগড়ের বোদা উপজেলায় দাঁড়িপাড়া গ্রামের আতাউর রহমান পাশের বাজারে চায়ের দোকান দিয়ে সংসার চালান। আলপি আক্তার তার ছোট সন্তান। বড় ছেলে নুর আলম কিছুদিন একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। করোনার পর থেকে বাবার ছোট চায়ের দোকানেই সহযোগিতা করেন। আলপি আক্তার এখন দেশের নারী ফুটবলের পরিচিত মুখ। ২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত সাফ নারী অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য ছিলেন আলপি। সেটাই ছিল তার লাল-সবুজের জার্সিতে প্রথম কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া।
তবে দু:খজনক হলেও সত্যি যে, সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হারের পর আলপি আক্তারের সঙ্গে কথা বলতে চাইলে তাতে বাধ সাধেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। এমনকি রোববার দেশে ফেরার পরও তার সঙ্গে মিডিয়াকে কথা বলতে দেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: