[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

হামজার লেস্টারের বিদায়, পঞ্চম রাউন্ডে লিভারপুল ও সিটি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০২ পিএম

এফএ কাপে চতুর্থ রাউন্ডে সাউদাম্পটনের মাঠে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লেস্টার সিটি।নির্ধারিত সময়ের মধ্যে লেস্টার এক গোল শোধ দিলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

শেষ দিকে আরেক গোল খেয়ে অবশেষে ছিটকে যায় ক্লাবটি। হ্যামস্ট্রিং চোটের কারণে ২-১ গোলে হারের দিনও মাঠের বাইরেই ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।

সেইন্ট ম্যারি স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিক সাউদাম্পটন। ডি-বক্সের মধ্যে থাকা স্যামুয়েল এডোজির পায়ে মেরে বসেন লেস্টার ডিফেন্ডার সালেব ওকোলি। সফল পেনাল্টি কিকে দলকে লিড এনে দেন কাইল লারিন। বিরতির পর ম্যাচে ফিরতে সময় নেয়নি হামজাদের ক্লাব। ৫২তম মিনিটে সতীর্থের থেকে বল পেয়ে জোরালো শট নেন জেরেমি মঙ্গা। সেটি স্বাগতিকদের একজনের শরীরে লেগে যায় চলে যায় অলিভার স্কিপের কাছে। বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন লেস্টার অধিনায়ক। এরপর যোগ করা সময়ের শেষ মিনিটে একটু জন্য জয়সূচক গোলটি থেকে হাত ধুতে হয় লেস্টারকে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৯তম মিনিটে সেই সোনার হরিণের দেখা পায় সাউদাম্পটন। হেড থেকে গোলটি করেন জেমস ব্রি।

অ্যানফিল্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নেয় লিভারপুল। একটি করে গোল ও অ্যাসিস্টে অলরেডদের জয়ে বড় অবদান রাখেন মোহাম্মদ সালাহ। মিশরীয় তারকার আগে অন্য দু’টি গোল করেন ডমিনিক সোবোসলাই ও কার্টিস জোনস। গত ১৭ই জানুয়ারির পর এদিনই প্রথম একাদশে সুযোগ পান জোনস। ৪২তম মিনিটে এ ইংলিশ মিডফিল্ডারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে সোবোসলাই ম্যাজিকে ব্যবধান বাড়ায় লিভারপুল। হাঙ্গেরিয়ান মিডফিল্ডারের এটি মৌসুমের দশম গোল। ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে দলের শেষ গোলটি করেন সালাহ। চলতি মৌসুমে লিভারপুলের জার্সিতে এটি তার সপ্তম গোল।

নিজেদের ম্যাচে ঘরের মাঠে সালফোর্ড সিটির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেস থেকে জানুয়ারিতে সিটিজেনদের ডেড়ায় যোগ দেয়ার পর প্রথম গোল করেন মার্ক গেয়ি। যদিও চতুর্থ স্তরের ক্লাব সালফোর্ডের বিপক্ষে বেশ ঘাম ঝড়াতে হয় স্বাগতিকদের। ম্যাচের ষষ্ঠ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া সিটিজেনদের দ্বিতীয় গোলটি পেতে অপেক্ষা করতে হয় ৮১তম মিনিট পর্যন্ত। রায়ান শেরকির পাস থেকে ট্যাপ-ইনে নতুন ক্লাবে প্রথম গোলটি করেন গেয়ি।
দিনের অন্য ম্যাচে প্রিমিয়ার লীগের দল বার্নলিকে তাদেরই ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয় তৃতীয় স্তরের দল ম্যানসফিল্ড। এ জয়ে ১৯৭৫-এর পর এবারই প্রথম এফএ কাপের পঞ্চম রাউন্ডে খেলবে ইংলিশ লীগ ওয়ানের ক্লাবটি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর