বিশ্বকাপের আগে তিন খেলোয়াড়ের চোট নিয়ে দুশ্চিন্তায় স্ক্যালোনি
২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখনো চার মাসের বেশি বাকি থাকলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এরমধ্যেই চূড়ান্ত স্কোয়াড বাছাইয়ের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। তবে নির্দিষ্ট তিনজনের চোট কোচিং স্টাফকে দুশ্চিন্তায় ফেলেছে। এদের মধ্যে একজন নিশ্চিতভাবে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন।
যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। বাছাই পর্বের শীর্ষে থেকে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলেও বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে কোচ স্ক্যালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়ছে। এর অন্যতম কারণ চোট। বিশেষ করে সম্ভাব্য স্কোয়াডের তিন খেলোয়াড়ের চোট বেশি ভাবাচ্ছে স্ক্যালোনিকে।
হুয়ান ফয়থ–ছিটকে যাওয়া নিশ্চিত:
এই ডিফেন্ডারের বিশ্বকাপ না খেলা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। গত ২৪ জানুয়ারি ভিয়ারিয়ালের হয়ে খেলতে গিয়ে বাম পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে ফেলেন ফয়থ। তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে এবং কমপক্ষে চার মাস থেকে আট মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে এই ডিফেন্ডারকে। ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তার খেলা একপ্রকার অসম্ভব।
জিওভান্নি লো সেলসো – পুরনো দুঃস্বপ্নের পুনরাবৃত্তি?
মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো আবারও পেশির চোটে পড়েছেন। স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিস জানিয়েছে, লো সেলসোর ডান উরুর রেক্টাস ফেমোরিস মাংসপেশিতে মাঝারি মাত্রার চোট লেগেছে। আনুষ্ঠানিকভাবে ফেরার নির্দিষ্ট সময় বলা না হলেও প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার কথা শোনা যাচ্ছে।
তার এই চোট ২০২২ কাতার বিশ্বকাপের আগের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। সেবার হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় তিনি ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি। লো সেলসো পুরোপুরি ফিট না হলে স্কালোনির পরিকল্পনায় বড় ধাক্কা লাগতে পারে, কারণ ফিট অবস্থায় তিনি লিওনেল মেসির আদর্শ মিডফিল্ড সঙ্গী।
সবচেয়ে বড় দুশ্চিন্তা – নিকোলাস তাগলিয়াফিকো:
জানুয়ারির শেষদিকে লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোর গোড়ালি মচকে যায়। তিনি কবে নাগাদ ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। ইউরোপা লিগ ম্যাচে ইয়াং বয়েজের এক খেলোয়াড় তার পায়ের ওপর পড়লে এই চোট লাগে।
এই পজিশনে বিকল্প কম থাকায় তার চোট স্কালোনির জন্য সবচেয়ে বড় মাথাব্যথা। যদিও গোড়ালির চোট সাধারণত বিশ্বকাপ মিস করার মতো গুরুতর নয়, তবে ফেরার সময় নির্দিষ্ট না থাকাটা উদ্বেগজনক।
তার বিকল্প হিসেবে মার্কোস আকুনা আছেন, যেমনটি ২০২২-এ কাতারেও ছিলেন। কিন্তু রিভার প্লেটে তার সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ নয়। ফলে ভ্যালেন্তিন বারকো বা ফাকুন্দো মেদিনার মতো নামও আলোচনায় এসেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: