মার্চে ফিরছে ঘরোয়া ফুটবল, এগিয়ে আসতে পারে জাতীয় দলের ক্যাম্প
দীর্ঘ বিরতির পর আবারও সরগরম হতে যাচ্ছে দেশের ফুটবল অঙ্গন। আগামী ৬ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। চার দিন পর, ১০ মার্চ মাঠে গড়াবে ফেডারেশন কাপের লড়াই। ফলে মার্চ মাসজুড়ে ব্যস্ত সূচিতে ফিরছে দেশের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবল।
লিগের সূচি অনুযায়ী, ১১তম রাউন্ডে ১৪ মার্চ কিংস অ্যারেনায় মুখোমুখি হবে প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফরটিস এফসি ও বসুন্ধরা কিংস। শিরোপা দৌড়ে এগিয়ে থাকতে এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এরপর ১২তম রাউন্ডে ১০ এপ্রিল কুমিল্লায় অনুষ্ঠিত হবে দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ঢাকা ও মোহামেডান স্পোর্টিং ক্লাব এর বহুল প্রতীক্ষিত ম্যাচ। ঐতিহ্য আর প্রতিদ্বন্দ্বিতার কারণে এই লড়াই ঘিরে সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে।
সূচি অনুযায়ী, ১৯ মে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ফাইনাল। আর ২৩ মে দিয়ে শেষ হবে লিগের চলতি মৌসুম। লিগ পর্দা নামার পরপরই শুরু হওয়ার কথা রয়েছে স্বাধীনতা কাপ। সব মিলিয়ে মে মাস পর্যন্ত টানা ব্যস্ততা থাকছে ঘরোয়া ফুটবলে।
এদিকে জাতীয় দলের প্রস্তুতি নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও সেটি এগিয়ে ১৫ মার্চ থেকে শুরু করার চিন্তাভাবনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফেডারেশন সূত্রে জানা গেছে, ১৪ মার্চ লিগের একটি রাউন্ড শেষ হওয়ার পর ঘরোয়া ফুটবল আবারও বিরতিতে যাবে। এই সময়টাকে কাজে লাগাতে চায় জাতীয় দলের কোচিং স্টাফ। খেলোয়াড়দের ফিটনেস ও ম্যাচ রিদম ধরে রাখতে ১৫ মার্চ ঢাকায় ক্যাম্প শুরু করে পরবর্তীতে ভিয়েতনামে গিয়ে বাকি প্রস্তুতি সম্পন্ন করবে। ২৬ মার্চ ভিয়েতনামের সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে। সে ম্যাচ খেলে সিঙ্গাপুর গিয়ে ৩১ মার্চ দেশটির বিপক্ষে খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ।
তবে ক্যাম্প ১৫ মার্চ শুরু হলেও প্রথম দিন থেকে দলের সঙ্গে থাকতে পারবেন না হামজা চৌধুরী।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: