[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রিয়ালের হারের সুযোগ কাজে লাগিয়ে শীর্ষে বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২ এএম

লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আবারও লা লিগার শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। শনিবার ওসাসুনার কাছে ২-১ গোলে রিয়াল মাদ্রিদের হারের পর সুযোগটা কাজে লাগাল হানসি ফ্লিকের শিষ্যরা। রোববার (২২ ফেব্রুয়ারি) ক্যাম্প ন্যুতে ১৯তম স্থানে থাকা লেভান্তের বিপক্ষে সহজ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে গেল বার্সা।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন কাতালানরা। মার্ক বার্নাল ও ফ্রেঙ্কি ডি ইয়ং গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের শেষদিকে দূরপাল্লার দুর্দান্ত শটে তৃতীয় গোলটি করেন ফারমিন লোপেজ।

গত সপ্তাহে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ ব্যবধানে হারের পর এবং লা লিগায় জিরোনার বিপক্ষে ২-১ পরাজয়ের ধাক্কা সামলে জয়ে ফেরাটা বার্সার জন্য ছিল স্বস্তির।

গোল করার পর বার্নাল বলেন, ‘তিন পয়েন্ট পেয়ে খুব খুশি। প্রথম মিনিটে তারা সুযোগ পেয়েছিল, কিন্তু আমার গোলের পর আমরা শান্ত থেকে আত্মবিশ্বাস ফিরে পাই।’ দীর্ঘমেয়াদি হাঁটুর চোট কাটিয়ে ফেরা ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের এটি দ্বিতীয় গোল। উদযাপনে তিনি তার বাবা ও ফিজিওকে স্মরণ করেন।

এই হারে লেভান্তে অবনমন অঞ্চল থেকে সাত পয়েন্ট পিছিয়ে পড়েছে। দলের মিডফিল্ডার কার্লোস আলভারেজ বলেন, ‘প্রথমার্ধে সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর