বিশ্বকাপ দলে ফেরার স্বপ্নে হোঁচট খেলেন নেইমার
আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পেতে লড়াইয়ে নেমেছেন নেইমার। সামনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ম্যাচ এখন নেইমারের জন্য একেকটা ফাইনাল ম্যাচ। সে হিসেবে বলা চলে জাতীয় দলে ফেরার অভিযানে বড়সড় একটা হোঁচট খেলেন সেলেসাওদের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা।
পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল সান্তোস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) অ্যাওয়ে ম্যাচে সিরি বি'র দল গ্রেমিও নোভোরিজোন্তিনোর কাছে ২-১ গোলে হেরে গেছে সান্তোস। এদিন দলের প্রথম গোলটি হজমের জন্য সরাসরি দায়ী ছিলেন নেইমার।
বিরতির ঠিক আগে নেইমার রক্ষণভাগে বল হারালে রোমুলো গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ২০তম মিনিটে গ্যাব্রিয়েল বন্তেম্পো সমতা ফেরান। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লিও নালদি স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।
নিজের ভুলের দায় সঙ্গে সঙ্গেই স্বীকার করেন নেইমার। টিভি সম্প্রচারে দেখা যায়, তিনি সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে তাদের লড়াই চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন। সফরকারী দলের হয়ে আদোনিস ফ্রিয়াস ও আলভারো বাররেয়াল শুরু থেকে খেলেন, আর বেঞ্চে ছিলেন বেঞ্জামিন রোলহাইজার।
যদিও সান্তোস বল দখলে এগিয়ে ছিল, নোভোরিজোন্তিনো ঘরের মাঠে তাদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। পাঁচ ম্যাচের সবকয়টিতেই জিতেছে এই মৌসুমে চমক দেখানো দলটি। এই হতাশাজনক হারের পর ৩৪ বছর বয়সী নেইমার সমালোচনার মুখে পড়েছেন।
আগামী মার্চে জাতীয় দলে ফেরার লক্ষ্য ঠিক করলেও সেই স্বপ্নে কিছুটা হলেও ধাক্কা খেলেন নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সোজাসুজিই জানিয়ে দিয়েছেন, নামের ভারে দলে জায়গা মিলবে না। চোটমুক্ত হয়ে পারফর্ম করেই দলে ফিরতে হবে নেইমারকে। পাউলিস্তার পারফরম্যান্স সেই সম্ভানা আরও ধূসর করে তুলল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: