‘মাঠ, জিম, হোটেল সব এক জায়গায়- অনুশীলন ভালো হচ্ছে’
সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের আগে নারী লিগ খেলেই ম্যাচ অনুশীলন করেছেন আফঈদা, রুপনা, মনিকারা। জাপান, কোরিয়া, ভিয়েতনামে ক্যাম্প হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত প্রস্তুতির ঘাটতি নিয়েই বাংলাদেশ দল এখন অবস্থান করছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে অবশ্য সময়টা ভালোই কাটছে মেয়েদের।
গত ১৯ ফেব্রুয়ারি রাতে দেশ ছাড়ে বাংলাদেশ দল। পরদিন সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হালকা অনুশীলন দিয়ে শুরু। আজ চতুর্থ দিনের মতো গা গরমে নেমেছিলেন ঋতুপর্ণা চাকমারা। এই অনুশীলন গ্রাউন্ডের পাশেই বাংলাদেশ দলের হোটেল। যে কারণে হোটেল থেকে মাঠে আশা যাওয়ার ঝক্কি পোহাতে হচ্ছে না বলে জানালেন এবারই প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া আলপি আক্তার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় আলপি বলেন, ‘এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এতো গরম এখনও পড়ে নাই। এখানে অতিরিক্ত গরম। আমরা এটার সঙ্গে আপাতত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা এক জায়গায় থাকছি, এক জায়গায় মাঠ, জিম সবকিছু হচ্ছে এক জায়গায়। তো বাস দিয়ে যাওয়া লাগতেছে না মাঠে, এটা ভালো লাগছে।’
সর্বশেষ নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন দলের হয়ে ১০ ম্যাচে ৩০ গোল করেন আলপি। টুর্নামেন্টের দুই রাউন্ড বাকি থাকতে সাফ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যান নেপালে। সেখানেও ছন্দ ধরে রাখেন, করেন টুর্নামেন্টে সর্বোচ্চ ৭ গোল। দারুণ এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই দলে ডাক পান তরুণ ফরোয়ার্ড।
জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো ভ্রমণ এবং অনুশীলন করতে পেরে খুশি আলপি, ‘আলহামদুলিল্লাহ; অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা এবং খেলা। তো সেই ইচ্ছাটা (অনুশীলন) পূরণ হয়েছে। ভালো লাগছে আপুদের সঙ্গে প্র্যাকটিস করে। অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে ওনাদের সঙ্গে।’
সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল। এশিয়ান কাপে প্রথম ম্যাচে ৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-মনিকারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: