দুই লাল কার্ডের ম্যাচে বার্নাব্যুয়ে রিয়ালের পতন, বড় ব্যবধানে এগিয়ে বার্সা
লা লিগার শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফে সিএফর কাছে ১-০ গোলে হেরে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে তারা। প্রথমার্ধে মার্টিন সাতরিয়ানোর চোখধাঁধানো ভলিই হয়ে ওঠে ম্যাচের ভাগ্যনির্ধারক মুহূর্ত। শেষ দিকে দুই লাল কার্ডে উত্তেজনা চরমে উঠলেও স্কোরলাইনে আর পরিবর্তন আসেনি।
কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে আক্রমণে ধার কম ছিল রিয়ালের। ফিনিশিংয়ের দুর্বলতা ও মাঝমাঠে ছন্দহীনতার কারণে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল মাদ্রিদের জায়ান্টরা।
ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের দখলে। ১৩তম মিনিটে মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে এককভাবে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস জুনিয়র। সামনে শুধু গোলরক্ষক ডেভিড সোরিয়া, কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নিচু শট পা বাড়িয়ে ঠেকান সোরিয়া।
২৪তম মিনিটে আবারও গ্যালারিতে হতাশা। কাছ থেকে জোরালো শট নেন আর্দা গুলার, তবে এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে তুলে দেন সোরিয়া।
রিয়াল বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ছিল না প্রয়োজনীয় ধার। কিছুক্ষণ পর এক সংঘর্ষে অ্যান্তোনিও রুডিগারের সঙ্গে ধাক্কা লেগে মুখে আঘাত পান গেতাফের দিয়েগো রিকো, যদিও চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি।
৩৯তম মিনিটে রিয়াল রক্ষণে ছোট একটি ভুলের বড় মূল্য দিতে হয়। বক্সে রুডিগার হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাইরে পড়ে থাকা বল পেয়ে দুর্দান্ত ভলিতে জালের ওপরের কোণে পাঠান সাতরিয়ানো। লক্ষ্যে নিজেদের প্রথম শটেই এগিয়ে যায় গেতাফে।
গোলের পর রিয়ালের খেলায় অস্থিরতা বাড়তে থাকে। মাঝমাঠের লড়াইয়ে এগিয়ে ছিল গেতাফে; দ্রুত বল কাড়াকাড়ি ও সংগঠিত রক্ষণে তারা স্বাগতিকদের ছন্দে ফিরতে দেয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গেতাফে আবার আক্রমণে ওঠে। মাউরো আরামবারির শট দারুণ দক্ষতায় ঠেকান থিবো কোর্তোয়া।
৫৫তম মিনিটে কোচ আলভারো আরবেলোয়া একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। রদ্রিগো ও দানি কারবাহালকে নামিয়ে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করা হয়।
৭৫তম মিনিটে কর্নার থেকে রুডিগারের হেড দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়। ৭৯তম মিনিটে রদ্রিগোর জোরালো হেড আবারও ঠেকান সোরিয়া। ফিরতি বলে কারভাহালের সুযোগ থাকলেও সেটিও কাজে লাগেনি। আক্রমণে সংখ্যাধিক্য বাড়ালেও রিয়ালের খেলায় স্পষ্ট পরিকল্পনার অভাব চোখে পড়েছে।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রেফারির সঙ্গে কথাকাটাকাটিতে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কে মাস্তানতুনো। কিছুক্ষণের মধ্যেই গেতাফের আদ্রিয়ান লিসোও লাল কার্ড পান। দুই দলই ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে, তবে ফল আর বদলায়নি।
এই হারের ফলে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনা সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ব্যবধান আরও বাড়িয়েছে। টানা দুই ম্যাচে হেরে শিরোপা স্বপ্নে বড় সতর্কবার্তা পেল রিয়াল মাদ্রিদ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: