প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ, ঋতুপর্ণার ঝড়
সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হাজার বিশেকের বেশি। নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ ও চীনের ম্যাচে এক হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছেন। ম্যাচের ১৪ মিনিটে পুরো স্টেডিয়াম খানিকটা থ হয়ে যায়। কাউন্টার অ্যাটাক থেকে ঋতুপর্ণা চাকমা দারুণ এক শটে মুগ্ধতা ছড়িয়েছেন।
চাইনিজ ডিফেন্ডারকে পেছনে ফেলে ঋতুপর্ণা চাকমা বলের দখল নেন। দ্রুততার সাথে চীনের বক্সের দিকে এগুতে থাকেন। চীনের গোলরক্ষক খানিকটা এগিয়ে ছিলেন। ৩০ গজ দূর থেকে ঋতুপর্ণার বা পায়ের শট প্রায় গোল হয়েই যাচ্ছিল। চীনের গোলরক্ষক চেন চেন পেছনের দিকে শূন্যে লাফিয়ে বল জালে যাওয়া থেকে রক্ষা করেন।
চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়নও। বাংলাদেশ নারী ফুটবলে চীনের চেয়ে অভিজ্ঞতা, পারফরম্যান্স সকর কিছুতেই পেছনে। এরপরও ম্যাচের শুরু থেকে সমানে সমান লড়েছে। উজবেকিস্তান উত্তর কোরিয়ার অথের্ধ তেমন আক্রমণই করতে পারেনি। বাংলাদেশ অবশ্য চীনের বিপক্ষে বেশ কয়েকটি আক্রমণই করেছে।
চীন বাংলাদেশের জালে ২২ মিনিটে বল পাঠায়। পরবর্তীতে ভিএআরে সেই গোল বাতিল হয়। এতে চীনের গোলের অপেক্ষা আরো বাড়ে। ম্যাচের ৪৪ মিনিটে চীনের ওয়াং শুয়াং দূর পাল্লার শটে গোল করেন। এক মিনিট পরই চীন আরেকটি গোল পায়। এই গোলে অবশ্য বাংলাদেশের ডিফেন্ডারদের দায় রয়েছে। কয়েক দফা ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। পরবর্তীতে ঝাং রুইয়ের শট বাংলাদেশের দুই ডিফেন্ডার কোহাতি ও অধিনায়ক আফিদার পায়ে লেগে বল জালে জড়ায়। এই গোলটিও ভিএআরে পরীক্ষা করলেও সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়।
গোলরক্ষক মিলি আক্তার জাতীয় দলে নিয়মিত একাদশে খেলেন না। এশিয়ান কাপের মঞ্চে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম দিকে নার্ভাস ছিলেন। সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নেন। বেশ কয়েকটি ভালো সেভ করেন।
ভিএআরের জন্য অনেক সময় খেলা স্থগিত ছিল। তাই চতুর্থ রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেন। প্রথমার্ধের শেষ মিনিট দশেক বাদে বাংলাদেশ ম্যাচে দারুণভাবেই লড়েছিল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: